আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে ভারত: গণফোরাম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, আপনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিলিয়ে দিয়ে বার্মা সীমান্তকে অরক্ষিত করে আমাদের স্বাধীনতাকে বিসর্জন দিয়েছেন। এ জন্য জনগণের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে।

আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তি‌নি ব‌লেন, সীমান্তের গোলাগুলিতে আমাদের দেশের কয়েকজন নাগরিক নিহত হয়েছে। কিন্তু এর বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি। এ বিষয়ে প্রধানমন্ত্রীও কোনো উদ্যোগ নিতে পারেননি। এর কারণ হলো সরকারের কোমরে জোর নেই। সরকার ভারত, চীন এবং রাশিয়ার সহায়তায় দীর্ঘদিন ধরে ক্ষমতায় বসে আছে। শেখ হাসিনা নিজেও বলেন, ভারত নাকি তাদের ক্ষমতায় রেখেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়কে অন্য রাষ্ট্রের মন্ত্রণালয় বলে আখ্যায়িত করে তিনি বলেন, এই পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের মন্ত্রণালয় নয়। এটি পরের রাষ্ট্রের মন্ত্রণালয়। এর কারণ বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ গত এক সপ্তাহ ধরে ভারতে আছেন মোদি সরকারের পদধূলি নেওয়ার জন্য। ভারত তাদের (আ. লীগ) নাকি ক্ষমতায় রেখেছে।

তিনি আরও বলেন, ড. হাছান মাহমুদ দেশের ডলার খরচ করে ভারতের মোদি সরকারের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছেন। এদিকে আমাদের সীমান্তে অন্যদেশ থেকে আক্রমণ হচ্ছে, কিন্তু তাদের (পররাষ্ট্র মন্ত্রণালয়) কোনো খবর নেই।

এ সময় বিক্ষোভ সমাবেশে গণফোরামের আরও অনেকে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত