চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৭ পিএম

রাজধানীর খিলগাঁও নন্দিপাড়ায় একটি বাসা থেকে জান্নাতুল আক্তার ঊষা (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ ও স্বজনরা। শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে পুলিশ নন্দিপাড়া রসূলবাগ শুকুর আলীর বালুর মাঠ সংলগ্ন টিনসেড বাড়ি থেকে উদ্ধার করে ঊষার মরদেহ।

গাজীপুর কাশিমপুর থানার সার্দাগঞ্জ গ্রামের জাকির হোসেন মুকুলের মেয়ে ঊষা। পরিবারের সাথে নন্দিপাড়ার ওই বাসায় থাকতো।

তার স্বামী রাজমিস্ত্রী মো. আমিনুর ইসলাম জানান, গত ৪ মাস আগে প্রেমের সম্পর্কে বিয়ে করে তারা। স্বামী-স্ত্রী ওই একই এলাকাতে থাকে। ঊষা নিজে চাকরি করবে বলে আসছিলো। তবে স্বামী আমিনুর তাকে চাকরি করতে দিতে রাজি না হওয়ায় ৫ দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য ঝগড়া হয়। পরে ঊষা একই এলাকায় বাবার বাসায় চলে যান। নিজে নিজে একটি গার্মেন্টসে চাকরিও নেয়। শুক্রবার রাতে আমিনুর শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে দেখা করে আসে। এরপর আজ দুপুরে খবর পান, ঊষা তার বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়েছে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন আলম জানান, পারিবারিক কলহের কারণে ওই কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া ওই বাসা থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানেও ঊষা নিজের হতাশার কথা লিখে গেছে। তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত