দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারে প্রথম হয়েছেন তানজিম মুনতাকা সর্বা। তার প্রাপ্ত নম্বর ৯২.৫।
রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী, এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ।
এ সময় জানানো হয়, এ বছর মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন তানজিম মুনতাকা সর্বা। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৯২ দশমিক ৫০। তিনি হলি ক্রস কলেজ থেকে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
মেধা কোটার ৫০৭২টি আসনের মধ্যে এবার পুরুষ শিক্ষার্থী ২,১৯৪ জন (৪৩.২৬%) এবং নারী শিক্ষার্থীর সংখ্যা ২,৮৭৮ জন (৫৬.৭৪%)। মুক্তিযোদ্ধা কোটায় মোট আসন সংখ্যার ৫% হিসাবে ২৬৯ জন শিক্ষার্থী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য সংরক্ষিত কোটায় ৩৯ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে দেশের ১৯টি কেন্দ্রের ৪৪টি প্রতিষ্ঠানে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী আবেদন করেন। ভর্তি পরীক্ষায় ৯৮ শতাংশ শিক্ষার্থী উপস্থিত থেকে এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেন। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৫টি আসন আছে।
রোজায় খোলা স্কুল-কলেজ, কেউ ‘খুশি’ কেউ ‘নারাজ’