আগামী ৭২ ঘণ্টায় দেশের মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে আগামী তিন দিনে বৃষ্টির কোনো আভাস না দিলেও বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
কুয়াশার পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
তবে পঞ্চগড় ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা প্রথম ২৪ ঘণ্টায় প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
শেষের ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ওই পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়েছে, এ সময় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে।
প্রথম হওয়ার পরই ‘টানাহেঁচড়া’, সর্বা আসলে কার?