যৌন নিপীড়নের অভিযোগ; ঢাবি অধ্যাপকের কক্ষে তালা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে বিভাগেরই এক নারী শিক্ষার্থীর দেওয়া যৌন নিপীড়নের অভিযোগে তার অফিস কক্ষে তালা দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। এরপর বিভাগের সামনে এবং উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এসব ঘটনা ঘটে। এর আগে গতকাল এই অধ্যাপকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত সকল অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন করেছেন বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীরা।

সোমবার সকালে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড, পোস্টার ও ব্যানার হাতে বিভাগের সামনে সামনে অবস্থান নিতে দেখা যায়। পরবর্তীতে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে উপাচার্যের কার্যালয় হয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সমাপ্ত হয়।

কর্মসূচি থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি জানান। এগুলো হলো অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখতে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন করতে হবে, যৌন নিপীড়ককে দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে, তদন্ত চলাকালে বা অভিযোগে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সকল অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অভিযুক্ত শিক্ষককে বিরত রাখতে হবে।

গত ১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন বিভাগেরই একজন নারী শিক্ষার্থী। এই নারী শিক্ষার্থী প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পর থেকেই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। এ নিয়েই গতকাল থেকে নাদির জুনাইদের বিচারের আগ পর্যন্ত সকল ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত