নামাজের জন্য ঘুম থেকে তোলায় শিক্ষককে পেটাল ছাত্র

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৯ পিএম

বরগুনার আমতলীতে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে তোলায় দুই ছাত্র ক্ষিপ্ত হয়ে শিক্ষককে বেধড়ক পিটিয়ে আহত করেছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে আমতলী কওমিয়া হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পরে ওই দুই ছাত্র পালিয়ে গেছেন। স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান।

খোঁজ নিয়ে জানা যায়, বরগুনার আমতলী কওমিয়া হাফেজিয়া মাদ্রাসার সকল শিক্ষার্থীদের সোমবার ভোরে ফজরের নামাজ আদায় করতে ডাকেন শিক্ষক হাফেজ জামিল হোসেন রাফি। 

ঘুম থেকে তোলায় মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র হাফেজ ইমাম হোসেন (১৯) ও হাফেজ জিহাদ হোসেন (২০) ক্ষুদ্ধ হন। পরে তারা শিক্ষককে গাছের গুঁড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। আঘাতে শিক্ষক রাফির কানের উপরের অংশ মাথা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। 

স্থানীয়রা শিক্ষককে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জায়েদ আলম শিক্ষক রাফিকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

আহত শিক্ষক হাফেজ জামিল হোসেন রাফি বলেন, ফজরের নামাজ আদায় করতে ডাকার কারণে ক্ষিপ্ত হয়ে ইমাম হোসেন ও জিহাদ আমাকে পিটিয়ে গুরুতর জখম করেছে।

তিনি আরও বলেন, আমার পকেটে থাকা ৭ হাজার টাকা ওরা ছিনিয়ে নিয়ে গেছে। আমি ওই ছাত্রদের শাস্তি দাবি করছি। 

মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ওমর ফারুক জেহাদী বলেন, ফজরের নামাজ আদায় করতে ডাকার কারণে শিক্ষক হাফেজ জামিল হোসেন রাফিকে দুই ছাত্র গাছের গুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত