চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসের শেষের দিকে হতে পারে। চলতি মাসে পরীক্ষার সময়সূচি ঠিক করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি চূড়ান্ত করা হবে।
ঈদুল আজহার পরেই এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেই হিসেবে জুন মাসের শেষ সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। আমরা চাই, ঈদুল আজহার পরপরই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই লক্ষ নিয়েই কাজ করছি। তবে পরীক্ষার দিন তারিখ নির্ধারণ করে এখনও শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়নি। প্রস্তাব পাঠানোর পর মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হলে তা বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে।’
প্রতিবছর এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হলেও করোনার কারণে তা পিছিয়ে ডিসেম্বর মাস পর্যন্ত গড়িয়েছে। এরপর ধীরে ধীরে এই সময় কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
