পাকিস্তানে সরকার গঠনের জন্য মজলিস-ই-ওয়াহদাত-মুসলিমিনের (এমডব্লিউএম) সঙ্গে জোট করার ঘোষণা দিয়েছে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। কারাবন্দি নেতা ইমরান খানের নির্দেশে কেন্দ্র এবং পাঞ্জাব প্রদেশে দলটির সঙ্গে জোট গড়ার কথা জানিয়েছেন পিটিআই মুখপাত্র রউফ হাসান। খবর জিও নিউজ ও দ্য ডনের।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ইসলামাবাদে গণমাধ্যমের সঙ্গে আলাপ করেন রউফ হাসান। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পিপলস পার্টি (পিপিপি) এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের (এমকিউএম-পি) সঙ্গে সরকার গঠনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। এমডব্লিউএমের সঙ্গে জোট করার নির্দেশ দিয়েছেন তিনি।
পাশাপাশি সংরক্ষিত আসন নিয়ে খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে জামায়াত-ই-ইসলামির (জেআই) সঙ্গে পিটিআইকে জোট করতে বলেছেন ইমরান খান। এদিন কারাগারে সাক্ষাতের পর ইমরান খানের কাছ থেকে পাওয়া নির্দেশনা গণমাধ্যমের কাছে তুলে ধরেন রউফ হাসান।
ইমরান খান তাকে বলেছেন, যারা ৮ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়েছে তাদের সরকার গঠনের অনুমতি দেওয়া উচিত। কারণ এটা তাদের অধিকার।
গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯০টিরও বেশি আসনে জয় পেয়েছে। পিএমএল-এন ও পিপিপি জয় পেয়েছে ৭৫ এবং ৫৪ আসনে।
নির্বাচনে কোনো দল প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে সরকার গঠনের জন্য তৈরি হয়েছে রাজনৈতিক অচলাবস্থা। এর মাঝেই পিএমএল-এন এবং পিপিপির তাদের সংসদীয় অবস্থান শক্তিশালী করতে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের দলে ভেড়ানোর প্রচেষ্টা শুরু করেছে।
এদিকে পিটিআই যে দলের সঙ্গে জোট গড়ার ঘোষণা দিয়েছে সেই এমডব্লিউএম মাত্র একটি আসনে জয় পেয়েছে জাতীয় পরিষদে। আর পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে জয় পেয়েছে পিটিআই সমর্থিত ১১৬ প্রার্থী । নির্বাচন কমিশন চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করার ৭২ ঘণ্টার মধ্যে তাদের একটি দলে যোগ দিতে হবে। যদি কোনো দলে যোগ দিতে ব্যর্থ হয় তাহলে সংরক্ষিত আসনের বরাদ্দ পাবে না তারা।
পাকিস্তানের সংবিধানে বলা আছে, রাজনৈতিক দলগুলোকে ২৯ ফেব্রুয়ারি অথবা নির্বাচনের দিন থেকে তিন সপ্তাহের মধ্যে সরকার গঠন করতে হবে। দেশটির জাতীয় পরিষদে মোট ৩৩৬টি আসন আছে, যার মধ্যে ২৬৬টি আসনে সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয়।
এ ছাড়া জাতীয় পরিষদে সংরক্ষিত আসন আছে ৭০টি। এর মধ্যে ৬০টি নারীদের এবং ১০টি অমুসলিমদের জন্য সংরক্ষিত। রাজনৈতিক দলগুলোর অবস্থান অনুযায়ী এসব আসন বণ্টন করা হয়।
নির্বাচনী ব্যালটের জন্য ৫০ হাজার গাছ কাটল পাকিস্তান!
পাকিস্তানে পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা
বিলাওয়ালের দলের র্যালিতে গোলাগুলি, নিহত তিন সমর্থক