স্বমহিমায় ফিরছেন বান্নাহ, চমক ইরফান-সাদিয়া

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪০ পিএম

তারকা জুটির পাশাপাশি নতুন শিল্পীদের নিয়ে বৈচিত্রময় কিছু করে দেখাতে পটিয়সী মাবরুর রশীদ বান্নাহ। সুন্দর গল্প, ভিন্ন উপস্থাপন এবং নির্মাণ মুন্সিয়ানায় তার জুড়ি নেই। অনেকদিন পর নতুন গল্পে স্বমহিমায় ফিরছেন এই নির্মাতা, নির্মাণ করেছেন ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘আলোর জোনাকি’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান।

মাত্রই ইউটিউবে উন্মুক্ত হলো ভালোবাসা দিবসে বান্নাহ’র বিশেষ এই নাটক। নির্মাতা জানান, অনেকদিন ধরেই দর্শকেরা তাকে বলছিলেন তার চিরচেনা রূপে ফিরতে অর্থাৎ শুরুর দিকে যেসব নাটক নির্মাণ করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন ঠিক সেভাবে হাজির হতে। দর্শকের কথা রেখে ফিরলেন তিনি।

মাবরুর রশীদ বান্নাহ দেশ রূপান্তরকে বলেন, ‘আমি আগে যে ধরণের কাজ বানাতাম, দর্শকদের অনেক অনুরোধ থাকতো ঠিক সেই ফর্মে ফিরেছি, বলতে পারেন। এই গল্পটাও ঠিক সেরকমভাবেই নির্মাণ করেছি। মাঝে বিভিন্ন ধরণের কনটেন্ট নির্মাণ করেছি, বিভিন্ন জনরার। কিন্তু দর্শক আমাকে যে কাজগুলোর জন্য বিশেষভাবে মনে রেখেছে এবার সেটা মাথায় রেখে কাজ করেছি।’

তিনি আরও বলেন, ‘ইরফান সাজ্জাদের হাতেখড়ি আমার হাত দিয়ে। তার সঙ্গে অনেকগুলো কাজই হয়েছে যেগুলো দর্শক এখনও পছন্দ করেন। যেমন- আমাদের গল্পটা এমনও হতে পারতো, হঠাৎ নীরার জন্য, চশমায় লেগে থাকা ভালোবাসা, বেড সিন, বাইকারসহ অনেকগুলো কাজই আছে। সাদিয়া আয়মানের সঙ্গে এর আগে একটা কাজ হয়েছে। ওর সঙ্গেও কাজের অভিজ্ঞতা দারুণ। ভীষণ ভদ্র একটা মেয়ে, কাজের প্রতি ডেডেকেটেড। ভবিষ্যৎ ভালো এক কথায়।’

বান্নাহ জানান, চলতি বছরে খুব বেশি নাটক নির্মাণ করবেন না। বছর জুড়ে হয়তো সাত কিংবা আটটি নাটক নির্মাণ করবেন যার প্রত্যেকটিই হবে ডিফারেন্ট। এছাড়া এও জানান, চলতি বছরে ঘোষণা দিতে পারেন সিনেমারও।

প্রসঙ্গত, ‘আলোর জোনাকি’ নাটকটি দেখা যাচ্ছে পিকক এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে। এতে ইরফান-সাদিয়া ছাড়া আরও অভিনয় করেছেন শামীম আহমেদ, শশী আফরোজা, শাখাওয়াত রনি প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত