কুমিল্লাকে ১৬৫ রানের লক্ষ্য দিল খুলনা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৬ পিএম

প্রথম চার ম্যাচে জয়ের পর টানা চার হার। নিশ্চিত প্লে-অফ খেলার সমীকরণ অনেকখানি কঠিন হয়ে যাচ্ছে দেশের দক্ষিণের দলটির জন্য। আসরের শক্ত দল ও গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে তাই টসভাগ্য পাশে পেয়ে খুলনা অধিনায়ক এনামুল হক বিজয় সিদ্ধান্ত নেন আগে ব্যাট করার। এভিন লুইস, মাহমুদুল হাসান জয়ের পর শেষদিকে ওয়েন পারনেলের সুবাদে স্কোরবোর্ডে ৮ উইকেটে ১৬৪ রান তোলে খুলনা।

আগে ব্যাট করতে নেমে গত ম্যাচের লাইনআপে রদবদল আনে খুলনা। অ্যালেক্স হেলসের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে আসে আফিফ হোসেন। ৩২ রানে তাদের জুটি ভাঙে হেলসের বিদায়ে ১৭ বলে ২২ রান করেন হেলস। তিনে নেমে বিজয় পরপর দুটো ছক্কা হাঁকিয়ে শুরু করে। আফিফ হোসেনের সঙ্গে মাঝারি জুটি গড়লেও স্ট্রাইকরেট সুবিধার ছিল না খুলনার। ১৩ বলে ১৮ রানে বিদায় নেন বিজয়। পরের ওভারে আফিফও ফিরে যান ৩৩ বলে ২৯ রান করে।

এরপর এভিন লুইস ও জয় ৫৭ রানের ঝড়ো জুটি গড়ে খুলনার ইনিংসে কিছুটা দিশা দেখান। ১৯ বলে ২৮ রান করা জয় আউট হলে সমাপ্তি ঘটে জুটির। ১৮তম ওভারে মইন আলি দুই বলের ব্যবধানে লুইস ও লিউক উডকে ফেরালে রানের গতি থেমে যায় খুলনার। লুইস ফেরার আগে করেন ২০ বলে ৩৬। পারনেলের ব্যাট থেকে আসে ১১ বলে ২০ রান।

কুমিল্লার হয়ে মইন আলি ও ম্যাথিউ ফোর্ড ২টি করে উইকেট শিকার করেন। ১টি করে উইকেট পান আলিস ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত