আদালত অবমাননার অভিযোগ

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন নুরুল হক নুর

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৯ পিএম

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক–আল–জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ লিখিত আবেদনে নিঃশর্ত ক্ষমা চান ভিপি নুর।

তবে ক্ষমা প্রার্থনা করে দেওয়া আবেদনে ভবিষ্যতে অবমাননাকর বক্তব্য না দেওয়ার কোনও কথা না আসায় বিষয়টি আলোকপাত করেন আদালত। পরে নুরের আইনজীবী নতুন করে আরেকটি আবেদন দেওয়ার জন্য সময় চাইলে হাইকোর্ট সময় দিয়ে পরবর্তী আদেশের জন্য ৬ মার্চ দিন ধার্য করেন।

আদালতের ভিপি নুরের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

গত বছরের ৭ ডিসেম্বর একটি জাতীয় গণমাধ্যমে নুরুল হক নুরের বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন অনুযায়ী, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এক সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেন নুর।

সেই প্রতিবেদনটি আদালতের নজরে আনা হলে এ বিষয়ে ব্যাখ্যা দিতে গত ১৭ জানুয়ারি নুরকে তলব করেন আদালত। আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয় তাকে। একইসঙ্গে তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হয়।

১৭ জানুয়ারি আদালতের কাছে সময় চান তিনি। পরে আজকে নির্ধারিত দিনে তিনি হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত