‘কারচুপি করে’ জেতানোয় আসন ছাড়লেন পাক রাজনীতিবিদ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৮ পিএম

পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে ‘কারচুপি করে’ জেতানোর অভিযোগে আসন ছাড়ার ঘোষণা দিয়েছেন জামায়াত-ই-ইসলামির হাফিজ নাঈম উর রহমান। তিনি করাচি শহরের পিএস-১২৯ আসনে বিজয়ী হয়েছিলেন। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও পাকিস্তান টুডের।

গত সপ্তাহে পাকিস্তানের বিতর্কিত নির্বাচনে জয় লাভ করলেও হাফিজ বলছেন, ভোটগ্রহণের সময় তার জয়ের পক্ষে কারচুপি হয়েছে। চলতি সপ্তাহে তিনি দাবি করেছেন, ইমরান খানের পিটিআই সমর্থিত প্রার্থী অনেক বেশি ভোট পেয়েছেন। এজন্য তাদের ভোটের সংখ্যা কমে গেছে।

দলীয় সংবাদ সম্মেলনে হাফিজ বলেন, যদি কেউ আমাদের অবৈধ উপায়ে জয়ী করতে চায়, আমরা তা মেনে নেব না। আমরা দাতব্য আসন চাই না। আমরা আমাদের অধিকার চাই। জনগণের মতামতকে সম্মান করা উচিত। বিজয়ীকে জিততে দিন, পরাজিতকে হারতে দিন। কেউ যেন অতিরিক্ত কিছু না পায়। তার এমন বক্তব্য ও সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে  তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

হাফিজ নির্বাচনে ২৬ হাজারের বেশি ভোট পেয়েছিলেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাইফ বারি ভোট পেয়েছিলেন ৩১ হাজারের মতো। কিছু এই সংখ্যা ভুলভাবে উপস্থাপন করা হয়। দাবি করা হয়, সাইফ বারি ১১ হাজারের মতো ভোট পেয়েছেন।

অবশ্য পাকিস্তানের নির্বাচনী কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। পিএস-১২৯ আসনটি কে নেবেন তা এখনো স্পষ্ট নয়। ৮ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে যত সংকট দেখা দিয়েছে, আসন ছেড়ে দেয়ার এই ঘটনাটি তার সর্বশেষ সংযোজন। এর মাধ্যমে নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি এবং অবৈধ হস্তক্ষেপের অভিযোগটি আবারও সামনে এলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত