পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে ওমর আইয়ুবের নাম ঘোষণা করেছে পিটিআই। ওমর পাকিস্তানের সাবেক সামরিক স্বৈরশাসক জেনারেল আইয়ুব খানের নাতি। বর্তমানে তিনি পিটিআইয়ের মহাসচিব। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কারাবন্দি নেতা ইমরান খান দলের মহাসচিবকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেয়ার কথা বলেন।
ওমরের বাবা গহর আইয়ুব ১৯৯৭ সালে নওয়াজ শরিফের সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তারও আগে ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত জাতীয় পরিষদের স্পিকারের দায়িত্ব পালন করেন।
প্রায় দুই দশক ধরে রাজনীতি করছেন ওমর। আগে পিএমএল-এন ও পিএমএল-কিউ দলের রাজনীতি করেছেন। ২০১৮ সালে তার রাজনৈতিক জীবনে পরিবর্তন আসে। ইমরান খানের হাত ধরে পিটিআইতে যোগ দেন ওমর। ইমরানের সরকারে জ্বালানিসহ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি।
১৯৯৩ ও ১৯৯৬ সালে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ওমর। ২০০৭ সালে বিশ্ব অর্থনীতি ফোরাম (ডব্লিউইএফ) তাকে ইয়াং গ্লোবাল লিডার স্বীকৃতি দেয়।
১৯৭০ সালের ২৬ জানুয়ারি জন্ম নেওয়া ওমর ২০০২ সালের নির্বাচনে প্রথম পার্লামেন্ট সদস্য হন। সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজের মন্ত্রিসভায় তিনি অর্থ প্রতিমন্ত্রী ছিলেন।
২০২৩ সালের মে মাসে পিটিআইয়ের নেতা-কর্মীদের ওপর রাষ্ট্রীয় দমন-পীড়নের মধ্যে দলটির মহাসচিব হিসেবে নিয়োগ পান ওমর। তিনি দলের হাতে গোনা কয়েকজন নেতাদের মধ্যে অন্যতম যিনি প্রতিকূল পরিবেশেও ইমরানের সঙ্গে ছিলেন। সবকিছু ঠিকঠাক থাকলে তিনি এবার পিএমএল-এনের প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিরুদ্ধে লড়বেন।
শিক্ষার্থীর পকেটে গাঁজা ঢুকিয়ে দিল পুলিশ, ৫ লাখে রেহাই
স্বৈরশাসক আইয়ুব খানের নাতিকে প্রধানমন্ত্রী বানাতে চান ইমরান
অ্যালেক্সি নাভালনির মৃত্যু