পাকিস্তানে জাতীয় নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে বেকায়দায় পড়েছে রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পদের জন্য তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মহাসচিব ওমর আইয়ুবকে বেছে নিয়েছেন কারাবন্দি নেতা ইমরান খান।
ওমর আইয়ুব পাকিস্তানের সাবেক সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের নাতি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান বৃহস্পতিবার বলেন, ইমরান খান প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ওমর আইয়ুবকে এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে মিয়া আসলাম ইকবালকে মনোনয়ন দিয়েছেন। এর আগে ব্যারিস্টার গহর এবং অন্য পিটিআই নেতারা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কারাবন্দি ইমরান খানের সঙ্গে আলোচনার জন্য আদিয়ালা কারাগারে যান।
ব্যারিস্টার গহর বলেন, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী হিসেবে সালার খান কাকারের মনোনয়ন নিয়ে আলোচনা চলছে। এছাড়া পিটিআই নেতা আসাদ কায়সারের ভাই আকিবুল্লাহ খানকে খাইবার পাখতুনখোয়ায় প্রাদেশিক পরিষদের স্পিকার পদের জন্য বেছে নেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে জাতীয় পরিষদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করবে পিটিআই।
পিটিআই চেয়ারম্যান জানান, পিএমএল-এন, পিপিপি এবং এমকিউএম-পির সঙ্গে ক্ষমতা ভাগাভাগিতে জড়িত হবে না আমাদের দল। ইমরান খান স্পষ্ট করে বলেছেন, পিটিআইয়ের রাজনীতি ক্ষমতা ভাগাভাগির জন্য নয়, জনগণের জন্য। পিটিআই জনগণের অধিকার রক্ষায় রাজনীতি করছে এবং ম্যান্ডেট ও গণতন্ত্রের আধিপত্যে বিশ্বাস করে। আমরা পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া প্রদেশ এবং কেন্দ্রে সরকার গঠনের অবস্থানে রয়েছি।
পাকিস্তানজুড়ে বিক্ষোভ করবে পিটিআই
‘কারচুপি করে’ জেতানোয় আসন ছাড়লেন পাক রাজনীতিবিদ
ইমরানের স্ত্রী বুশরাকে অ্যাসিড মেশানো খাবার দেয়া হচ্ছে!