উড়ন্ত সাকিবে রংপুরের ১৮৭

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৯ পিএম

জাতীয় দলের অধিনায়কত্বের ভার থেকে মুক্ত হওয়ার পর যেন উড়ে চলেছেন সাকিব আল হাসান। আগের ম্যাচেই খুলনার বিপক্ষে খেলেছিলেন ৬৯ রানের ঝড়তোলা ইনিংস, বল হাতে নিয়েছিলেন দুই উইকেট। সেই ঝড় আজও বজায় রাখলেন সাকিব। তাতে চট্টগ্রামের বিপক্ষে রংপুরের পুঁজি দাঁড়ায় ৮ উইকেটে ১৮৭ রান।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আজ ৩৩ বলে তুলে নেন বিপিএল অধ্যায়ের ১৩তম ফিফটি। এর পরও মারমুখী মনোভাব ধরে রাখেন। ১৯তম ওভারে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচে পরিণত হওয়ার সময় তার নামের পাশে রান ৬২। ৩৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় এ ইনিংস সাজান সাকিব।

সাকিবের মতো এ ম্যাচেও ব্যাটে রান পেয়েছেন শেখ মেহেদি হাসান। ১৭ বলে ২০০ স্ট্রাইক রেটে ৩৪ রানের ইনিংসে কোনো চার মারেননি মেহেদি, হাঁকিয়েছেন ৪টি ছক্কা। এর আগে ১৯ বলে দুটি করে চার-ছয়ে ২৫ রান করেন রনি তালুকদার। শেষদিকে শামিম হোসেন করেন ৯ বলে ১৭ রান। তবে ব্যাট হাতে স্বরূপ দেখাতে পারেননি কোনো বিদেশি রাইডার্স। রিজা হেনড্রিকস ৪, ব্রেন্ডন কিং ২ ও জিমি নিশাম ৫ রানেই ফিরে যান সাজঘরে। প্রিটোরিয়াস অপরাজিত থাকেন ৩ রানে। 

চট্টগ্রামের হয়ে রোমারিও শেফার্ড ৩টি, সালাউদ্দিন শাকিল ও শহিদুল ইসলাম ২টি করে এবং বিলাল খান ১টি উইকেট শিকার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত