প্রিপেইডের আওতায় আসবে গ্যাসের সব গ্রাহক

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৮ পিএম

দেশের সব গ্যাসের গ্রাহক প্রিপেইড মিটারের আওতায় আনার চেষ্টা করছে সরকার। আগামী চার বছরের মধ্যে এটি বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

তিনি বলেন, ‘গ্যাস মিটার স্থাপন করলে অপচয় কমে যাওয়াসহ অনেক সুবিধা রয়েছে। আমরা চাই যত দ্রুত সম্ভব প্রিপেইড মিটার স্থাপন শেষ করতে। অনেক দিন ধরেই চাপ দিয়ে যাচ্ছি কোম্পানিগুলোকে। এখন বিশ্বব্যাংক, এডিবিসহ অনেকে অর্থায়ন করতে চায়। তারা প্রায় ৩০ লাখ মিটার কানেক্ট করবে।’

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের প্রিপেইড মিটার প্রকল্পের ডাটা সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী এই বিতরণ কম্পানির প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের সার্ভিসে খুশি বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘তাদের কোনো সিস্টেম লস নেই, কোনো অবৈধ সংযোগও নেই। ডাটা সেন্টার দেখলাম চমৎকার মনে হয়েছে।’

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের মোট গ্রাহক রয়েছে ২ লাখ ২১ হাজার ১৪৫। এর মধ্যে আবাসিক গ্রাহক রয়েছে ২ লাখ ১৯ হাজার ৩৪৫। ইতোমধ্যে ৫০ হাজার গ্রাহককে প্রিপেইড মিটার দেওয়া হয়েছে। আরও দেড় লাখ মিটার স্থাপনের প্রকল্প গ্রহণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত