ছয় মাস কারাবাসের পর অবশেষে প্যারলে মুক্তি পেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। স্থানীয় সময় রবিবার কারাগার থেকে মুক্তি পান তিনি।
মুক্তি পেয়ে পুলিশ হাসপাতাল থেকে ব্যাংককে নিজের বাড়িতে ফিরেছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। খবর সিএনএন।
১৫ বছর স্বেচ্ছা নির্বাসনে ছিলেন থাকসিন। নির্বাসন জীবনের বেশিরভাগটাই তিনি লন্ডন ও দুবাইতে কাটিয়েছেন।
গত বছর আগস্টে দেশে ফেরেন ধনকুবের এই রাজনীতিক। তবে দেশে ফেরার পরপরই বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করা হয়। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে।
কিন্তু স্বাস্থ্য সমস্যা জনিত কারণে ৭৪ বছরের থাকসিনকে একরাতও কারাগারে কাটাতে হয়নি। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালেই ছিলেন তিনি।
গ্রেপ্তারের সপ্তাহ খানেকের মধ্যেই রাজকীয় ক্ষমার আবেদন করেছিলেন থাকসিন। সেই আবেদন মঞ্জুর হওয়ায় মুক্তি পেলেন তিনি।
২০০১ সালে থাইল্যান্ডের ক্ষমতায় আসেন থাকসিন। ২০০৬ সালে নিউইয়র্কে জাতিসংঘে যখন তিনি ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই দেশে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে।
ক্ষমতা থেকে অপসারণের পরে তার বিরুদ্ধে মাদক দমনের নামে হাজারো মানুষ খুন, গুরুতর মানবাধিকার লঙ্ঘনসহ ফৌজদারি নানা অভিযোগে মামলা করা হয়। ২০০৮ সালে কারাগারে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হলে তিনি দেশ ছাড়েন।
থাকসিনের পারিবারিক দল পিউ থাই পার্টি বর্তমানে থাইল্যান্ডের ক্ষমতায় রয়েছে।
ইসরায়েলে আরও অস্ত্র সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র