মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় মাহমুদুল ইসলাম (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার রেলসড়কের ৫ নম্বর সেতুতে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাহমুদুল ইসলাম বড় কেশবপুর এলাকার হাকিম আলি বেপারীর কান্দি গ্রামের মো. জাহাঙ্গীর মোল্লার ছেলে ও স্থানীয় ইকরা রওজাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে কয়েকজন শিশু শিক্ষার্থীর সাথে মাহমুদুল ইসলাম মাদ্রাসা থেকে বের হয়। অন্য প্রান্তে যাওয়ার জন্য রেললাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শিশুটি ওই এলাকার ইক্বরা রওজাতুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, 'এর আগেও রেললাইন পার হতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই এলাকাটি বেশ জনবহুল। রেললাইনের উভয় পাশেই মানুষের বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান। লোকজন এক পাশ থেকে অন্য পাশে যেতে রেললাইন পার হয়েই যায়। এতে করে দুর্ঘটনা ঘটছে। শিশুটিও রেল রাস্তা পার হতে গিয়েছিল। সাথে থাকা অন্য শিশুরা পার হতে পারলেও সে ট্রেনের ধাক্কায় মারা যায়।'
স্থানীয় বড় কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, এখানে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান আছে। কদিন আগে এই দিকে আরও একটি দুর্ঘটনা ঘটে। আজও একজন শিক্ষার্থী মারা গেল। সরকারের কাছে দাবি, এই এলাকায় লাইনের আশপাশে একটি সীমানা প্রাচীর নির্মাণের। যাতে দুর্ঘটনা কমে।
ভাঙ্গা রেলওয়ে থানার (বামনকান্দা) উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি দুঃখজনক।
