স্ত্রীর মনোনয়ন না পেয়ে রওশন শিবিরে বাবলা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৬ পিএম

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আবু হোসেন বাবলা দলের চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গ ছেড়ে এবার প্রকাশ্যে রওশন এরশাদের মঞ্চে যোগ দিয়েছেন। জি এম কাদেরের সঙ্গ ছেড়ে রওশন এরশাদের মঞ্চে যাওয়ার কারণ হিসেবে জি এম কাদেরপন্থী নেতারা মনে করছেন, স্ত্রী সালমা হোসেনের জন্য সংরক্ষিত নারী আসনে দলের মনোননয় না পেয়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

দ্বাদশ সংসদে জাপা এবার আনুপাতিক হারে ২টি আসন পেয়েছে। এর মধ্যে একটি আসনে দলের আরেক কো চেয়ারম্যান সালমা ইসলামের মনোনয়ন নিশ্চিত ছিল। অপর আসনে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের ও একাধিক নেতার স্ত্রী ও নারী নেত্রীদের মনোনয়ন নিয়ে আলোচনা শুরু হয়।

জাপার একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগ যে ২৬ টি আসনে জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা করে সেই তালিকায় আবু হোসেন বাবলার জায়গা হয়নি। ফলে নির্বাচনে অংশ নিয়ে লড়াই করলেও আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে হেরে যান তিনি। নির্বাচন পরবর্তী সময়ে জাপা চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠলেও সামনে থেকে নেতৃত্ব দিয়ে কৌশলে পরিস্থিতি শামাল দেন বাবলা। এরপর গত ১৪ জানুয়ারি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জমায়েত হয়ে সভা করেন। এই সভা কৌশলে আবু হোসেন বাবলা ও ভাইস চেয়ারম্যান লিয়াকত হোসেন খোকা মিলে নিয়ন্ত্রণ করেন। বিক্ষুব্ধ নেতা-কর্মীদের কার্যত নিয়ন্ত্রণ হাতে রাখেন এই দুই নেতা। এসব কিছুর বিনিময়ে সংরক্ষিত আসনে নিজের স্ত্রীর জন্য সংরক্ষিত আসনে মনোনয়ন দাবি করেন বাবলা।

এদিকে গত ১৪ জানুয়ারির পর থেকে বাবলাকে প্রকাশ্যে জাপার কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। দলের চেয়ারম্যান হিসেবে জি এম কাদের ও রওশন এরশাদের মধ্যে দ্বন্দ্বের শুরু হলে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রাখেন বাবলা। এক পর্যায়ে কাজী ফিরোজ, সুনীল শুভ রায়সহ জাপার বড় নেতারা রওশন এরশাদের সঙ্গে যোগ দেন। ফলে বাবলা চেয়ারম্যানের সঙ্গে দেখা করে, নিজের ত্যাগের মূল্যায়ন হিসেবে সংরক্ষিত আসনে স্ত্রীর মনোনয়ন দাবি করেন। তা না হলে দরজা আরেকটা খোলা আছে বলেও হুমকি দেন।

এদিকে গত ১৪ জানুয়ারির পর থেকে আবু হোসেন বাবলার সঙ্গে একাধিকবার কথা বলেন দেশ রূপান্তরের এই প্রতিবেদক। প্রতিবারই বাবলা নিজের অসুস্থতার কথা জানান এবং সুস্থ হয়ে নিজের অবস্থান জানানোর কথা বলেন। গত ১৪ ফেব্রুয়ারি বাবলার সঙ্গে শেষবার কথা হয় দেশ রূপান্তরের। সেদিন বাবলা বলেছিলেন, আমি এখনও অসুস্থ। উভয় পক্ষের গতিবিধি নজরে রাখছি। আমার অবস্থান দ্রুতই স্পষ্ট করব। স্ত্রীর মনোনয়ন প্রশ্নে তিনি বলেন, যে দল আমার আসন সমঝোতার তালিকায় রাখেনি, সেই দল আমার স্ত্রীকে কীভাবে মনোনয়ন দেবে। দলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।

আজ রবিবার আনুষ্ঠানিকভাবে রওশনের মঞ্চে যোগ দেন আবু হোসেন বাবলা। এ সময় তিনি দাবি করেন, চেয়ারম্যান জি এম কাদেরকে উদ্দেশ্য করে বলেন, ‘এমন একজন আছেন যার কাছে দলের চেয়ে বউ বড়। এ রকম অতিরিক্ত মাংসপিণ্ড আমাদের দরকার নেই।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত