বিকাশ ও নগদ অ্যাকাউন্ট নিয়ে প্রতারণা করত তারা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৭ পিএম

গ্রামের সাধারণ মানুষজনকে বিনামূল্যে খাদ্য সরবরাহের নামে জাতীয় পরিচয়পত্র ও ছবি সংগ্রহ এবং বিকাশ ও নগদ অ্যাকাউন্ট নিজেদের মোবাইলে লিঙ্কেজ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নীলফামারী থানা পুলিশ প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে। 

সোমবার(১৯ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিস্তারিত তুলে ধরে প্রেস ব্রিফিং করেছেন পুলিশ সুপার গোলাম সবুর। 

গ্রেপ্তাররা হলেন, জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের রুস্তম আলীর ছেলে মিজানুর রহমান মান্নু(২৪), ভবেশ রায়ের ছেলে সাগর রায়(২৬), জিয়াউর রহমানর ছেলে জাকির ইসলাম(১৯) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার মজিদুল সরকারের ছেলে শয়ন মিয়া(২৫)। এ ঘটনার সাথে জড়িত জেলা শহরের শাহীপাড়া মহল্লার আরিফ হোসেন আরিফ(৩০) পলাতক রয়েছে।

সুত্র মতে, জনকল্যাণ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের নামে প্রতারকরা জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় সরল মানুষজনকে প্রথমে এক কেজি করে আটা বিনামূল্যে বিতরণ করে। এরপর তাদের জাতীয় পরিচয়পত্রের মূল কপির ছবি তুলে নেয়। এরপর গ্রামের শতশত সহজসরল মানুষজনের বিকাশ ও নগদ অ্যাকাউন্টে পরিচালনার তথ্য তাদের হাতে নিয়ে নেয়। সাধারণ মানুষজন তা বুঝে উঠার আগে তাদের বিকাশ ও নগদের অর্থ প্রতারকরা সরিয়ে নিতে থাকে। তাদের ছবি ও এনআইডি ব্যবহার করে অনলাইন জুয়া ও প্রতারণাও করতো এই চক্রটি। 

পুলিশ সুপার জানান, বেশ কিছুদিন ধরে এই প্রতারক চক্রটি সক্রিয় হয়ে ওঠে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযানে রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চক্রটির চার সদস্যকে খোবসাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে একটি ল্যাপটপ, পাঁচটি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির কয়েকটি সিম, একটি মোটরসাইকেল, একটি ভিসা কার্ড ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় পুলিশ সুপার ব্যক্তিগত তথ্য হস্তান্তর থেকে বিরত থাকার আহ্বান জানান। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত