ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের পবিত্র মসজিদে আকসায় ২৫ হাজার মুসল্লি জুমার নামাজ পড়েছেন। গত শুক্রবার দখলদার ইসরায়েলি পুলিশের বিধিনিষেধ উপেক্ষা করে তারা মসজিদ প্রাঙ্গণে নামাজ পড়েন। গত ৭ অক্টোবর গাজায় দখলদার ইসরায়েলের হামলা শুরুর পর এটিই ছিল সর্ববৃহৎ জুমার জামাত। যারা মসজিদে প্রবেশ করতে পারেননি তারা শহরের আশপাশের রাস্তায় নামাজ পড়েছেন।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জেরুজালেমের ইসলামিক আওকাফ বিভাগ। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, ‘আমাদের পরিসংখ্যান অনুসারে দখলদার ইসরায়েলের কড়া নিয়ন্ত্রণের মধ্যেও ২৫ হাজার মুসল্লি মসজিদে নামাজ পড়েছেন। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক মুসল্লি মসজিদে নামাজ পড়তে সক্ষম হন। তা ছাড়া সাড়ে চার মাস ধরে জেরুজালেম নগরীসহ পবিত্র মসজিদে আকসার প্রবেশপথে ইসরায়েলি পুলিশ চেকপোস্ট স্থাপন করে রেখেছে। এর মাধ্যমে তরুণদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে শহরের আনাচ-কানাচে টহল দিচ্ছেন নিরাপত্তাকর্মীরা।’
জুমার নামাজের পর যুদ্ধে শহীদদের জন্য গায়েবি জানাজা ও দোয়া করা হয়।
গাজায় ইসরায়েলি হামলার শুরু থেকে মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এতে শুধু চার-পাঁচ হাজারের মতো মুসল্লি মসজিদে নামাজ পড়তে পারতেন।
অন্যদের আশপাশের রাস্তায় নামাজ পড়তে হতো। গত সপ্তাহ থেকে এই সংখ্যা বাড়তে থাকে। অবশ্য অনেকের মতে, পবিত্র রমজান মাস অতি সন্নিকটে হওয়ায় মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এ হামলায় প্রায় ২৯ হাজার মুসলমান প্রাণ হারিয়েছেন এবং ৬৮ হাজার ৫৫২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
