ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন থেকে ক্লিপ খুলে নেওয়ার সময় দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কাওরাইদ-মশাখালী রেললাইনের শীলা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন, উপজেলার লংগাইর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের সোহান মিয়ার ছেলে সাগর মিয়া (১৮) ও একই গ্রামের শহিদ মিয়ার ছেলে শিমুল (১৮)।
এই তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, রাত ১১টার দিকে কাওরাইদ-মশাখালী রেলপথের শীলা ব্রিজ এলাকায় দুই তরুণকে রেললাইনের ক্লিপ খুলতে দেখে স্থানীয় জনতা আটক করে পাগলা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পাগলা থানা পুলিশ গফরগাঁও রেলওয়ে পুলিশে হস্তান্তর করে। এ সময় তাদের কাছ থেকে রেললাইনের ৫০টি ক্লিপ জব্দ করা হয়।