হুতিদের হামলায় জাহাজ ছেড়ে পালালেন ক্রুরা

  • রোববার এডেন উপসাগরে বাব আল-মানদাব প্রণালীর কাছে রুবিমার নামের জাহাজটিতে হামলা চালায় হুতিরা
  • হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজটি এবং এটি ডুবে যাওয়ার শঙ্কায় রয়েছে
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৬ পিএম

এডেন উপসাগরে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর বেলিজের পতাকাবাহী ও যুক্তরাজ্যের নিবন্ধিত একটি জাহাজ থেকে ক্রুরা পালিয়ে গেছেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) এডেন উপসাগরে বাব আল-মানদাব প্রণালীর কাছে রুবিমার নামের জাহাজটিতে হামলা চালায় হুতিরা। খবর ওয়াশিংটন পোস্ট।

সোমবার এক বিবৃতিতে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এই জাহাজে হামলার মাধ্যমে বড় ধরনের হামলা শুরু করেছে তারা। তাদের হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজটি এবং এটি ডুবে যাওয়ার শঙ্কায় রয়েছে বলেও জানানো হয়।

তবে রুবিমারের ক্রুরা নিরাপদ রয়েছেন বলে জানায় হুতি বাহিনী।

এদিকে মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকা থেকে ১৮ ফেব্রুয়ারি রুবিমার জাহাজকে নিশানা করে দুটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হামলার পর একটি যুদ্ধ জাহাজ এবং আরেকটি বাণিজ্যিক জাহাজ তাৎক্ষণিকভাবে সাহায্যে এগিয়ে আসে। ক্ষতিগ্রস্ত জাহাজে থাকা ক্রুদের নিরাপদে সরিয়ে কাছাকাছি একটি বন্দরে নিয়ে যাওয়া হয়।

এদিকে রবিবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে যে, গত ২৪ ঘন্টায়, হুতিরা এডেন উপসাগরে দুটি মার্কিন জাহাজ, সি চ্যাম্পিয়ন এবং নাভিস ফরচুনাকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত