নির্ভার বলেই কি গা ছাড়া ব্যাটিং রংপুরের

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৮ পিএম

১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা দল রংপুর রাইডার্স। লিগে যত যা-ই ঘটুক তারা থাকবে সেরা দুইয়ে। খেলবে প্রথম কোয়ালিফায়ার। অথচ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলটির পারফরম্যান্স দেখে হতাশ হওয়া ছাড়া উপায় নেই। টেবিলের দুইয়ে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে অলআউট হওয়ার আগে রংপুর বোর্ডে জড়ো করেছে ১৫০ রান।

এক ম্যাচ পর ফের একাদশে সুযোগ পেয়ে রনি খেলেন গতানুগতিক ইনিংস। ৬ বলে ৪ রান করা ব্রেন্ডন কিং আউট হলে রনিও তার পথ ধরেন ৮ বলে ১৪ রান করে। সাকিব ভালো শুরু করলেও ইনিংস টানতে পারেননি। থামেন ১৯ বলে ৩ চারে ২৪ রান করে। এর পর আসা-যাওয়ার মিছিলে একপাশে সাক্ষী হয়ে দাঁড়িয়ে ছিলেন জিমি নিশাম। দলের রান ১০০ পূরণের আগেই সাজঘরে ফেরত আসেন ৭ ব্যাটসম্যান।

১০৭ রানে ৯ উইকেট হারানো রংপুরকে দেড়শ ছোঁয়া পুঁজি এনে দেন একা নিশাম। শেষ উইকেটে ইমরান তাহিরকে নিয়ে গড়েন ৪৩ রানের জুটি। ৩৩ বলে ফিফটি পূর্ণ করেন নিশাম। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪২ বলে ৬৯ রানে। ৯টি চারের সঙ্গে ২টি ছক্কা হাঁকান ইনিংসে।

তানভির ইসলাম ও মইন আলি ছাড়া কুমিল্লার বাকি বোলাররা ছিলেন দারুণ সাশ্রয়ী। ৪ ওভারে ১৮ রানে ৩ উইকেট ঝুলিতে ভরেন পেসার মুশফিক হাসান। ৩ উইকেট শিকার করেন আন্দ্রে রাসেলও। ২টি উইকেট পান ম্যাথিউ ফোর্ডে।

প্লে অফ নিশ্চিত হলেও সেরা দুইয়ে থাকতে তাদের দরকার গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট। হাতে আরও একটি ম্যাচ থাকলেও কাজটি আগেভাগেই সেরে নিতে চাইবেন কুমিল্লার খেলোয়াড়রা। সে লক্ষ্য পূরণে লিটন-হৃদয়দের করতে হবে ১৫১ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত