রাজধানীর শেওড়াপাড়ায় একটি বাসায় গলায় ফাঁস দিয়ে একা ইসলাম খান (২১) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা চাচা মানিক খান জানান, উত্তরা ইউনিভার্সিটির হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্রী একা। সন্ধ্যায় তিনি খবর পান, শেওড়াপাড়া অরবিট গলির অরবিট ভবনের ৩য় তলার বাসায় গলায় ফাঁস দিয়েছেন একা। সঙ্গে সঙ্গে তিনি ওই বাসায় গিয়ে একাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পরপরই চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
কী কারণে একা এমন ঘটনা ঘটিয়েছেন সে বিষয়ে তার চাচা কিছুই জানেন না বলে দাবি করেছেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
