পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একটি পাঁচ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে। ডলফিনের মাথা ও পিটের অংশের উপরের চামড়া উঠানো রয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে ৬ কিলোমিটার পূর্বদিকে গঙ্গামতি এলাকায় ডলফিনটি দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা। এর আগে গত ২৩ সালের জুলাই মাসে সৈকতে আরও একটি মৃত ইরাবতী ডলফিন এসেছিল।
জুয়েল জানান, সকালে সৈকতে যাওয়ার পথে ডলফিনটিকে এখানে পরে থাকতে দেখি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি এটি সকালের জোয়ারে এসেছে। পরে আমাদের টিমের সদস্যদেকে জানাই।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির তথ্যমতে, ২০২৩ সালে ১৫টি এবং ২০২২ সালে ১৯টি মৃত ও জীবিত ডলফিন ভেসে এসেছে।
সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো এভাবে মারা যাচ্ছে। আজকে ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির পুরুষ ডলফিন। তবে বেশ লম্বা সময় পরে ফের এই ডলফিনটি আসলো। আমরা এটা নিয়ে গবেষণা চালাচ্ছি যে কেন প্রতিবছর এমন পরিবেশ তৈরি হচ্ছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বনবিভাগকে অবগত করে আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেছে। এই উপকূলীয় এলাকাজুড়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি ডলফিন নিয়ে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যাতে এই মৃত্যুর কারণগুলো বের করা হয়।