স্বামী তালাক দেওয়ায় ‘আত্মহনন’ করেন গৃহবধূ আরশি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২১ পিএম

স্বামীর সঙ্গে সংসার টিকিয়ে রাখার অনেক চেষ্টাই করেছিলেন তাহমিনা ইকবাল আরশি (৩০)। কিন্তু পাষণ্ড স্বামীর মন গলেনি। গত ৭ ফেব্রুয়ারি আরশিকে তালাকই দিয়ে দেন স্বামী মো. আকরাম খান। আর এই হতাশা থেকেই আত্মহননের পথ বেছে নেন আরশি। শুক্রবার ( ২৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে আরশির বাবার বরাতে দেশ রুপান্তরকে এই তথ্য জানিয়েছেন খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ।

এ সময় আরশির বাবা ইকবাল উদ্দিন তার (ওসি) সামনে বসা ছিলেন। এর আগে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে লালখান বাজারের চানমারি রোড এলাকায় ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন আরশি। খবর পেয়ে আরশির লাশ উদ্ধার করে পুলিশ।

ওই ভবনের ৫ম তলার ভাড়া বাসায় স্বামী–শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বসবাস করতেন আরশি। তার সাবেক স্বামী মো. আকরাম খান কুমিল্লার একটি পোশাক কারখানায় চাকরি করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে আকরাম-আরশির প্রেমের সম্পর্ক বিয়েতে রূপ পায়। তবে দুজনেই আগে বিবাহিত ছিলেন-যা কেউই জানত না। সম্প্রতি আকরামের আগের বিয়ের বিষয়ে জানতে পারেন আরশি। এরপরই তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয় এবং আরশি তার বাবা বাড়ি চলে যান।

গত ৭ ফেব্রুয়ারি আরশিকে ডিভোর্সের চিঠি পাঠান আকরাম খান। বৃহস্পতিবার বিষয়টি সমাধানে উভয় পরিবারের মধ্যে বৈঠক হয়। এতে কোনো সমাধান না হলে সেখান থেকে আরশি আকরামের বাড়িতে চলে যান। পরে ওই ভবনের নিচে আরশির রক্তাক্ত লাশ পাওয়া যায়। আরশির আগের সংসারে একটি সন্তান আছে বলে জানিয়েছে পুলিশ।

খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ বলেন, আরশির মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত