চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৫, হতাহত অনেক

  • আবাসিক ভবনে আগুন লাগার বিষয়টি আরও তদন্ত করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ
  • নানজিং শহরের মেয়র চেন ঝিচাং এক সংবাদ সম্মেলনে নিহতদের পরিবারের প্রতি তার সমবেদনা জানান
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৭ পিএম

চীনের পূর্বাঞ্চলীয় নানজিং শহরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন মৃত্যুর ঘটনা ঘটেছে। আগুনে আরও ৪৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভয়েজ অব আমেরিকা।

শনিবার এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে স্থানীয় সময় শুক্রবার ভোরে ভবনের প্রথম তলায় গাড়ি রাখার পার্কিং স্থান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আহত ৪৪ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলেও জানান কর্মকর্তারা।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, শুক্রবার ভোর ৪টা ৩৯ মিনিটের দিকে স্থানীয় ইউহুতাই জেলার দমকল অফিসে আগুনের বিষয়ে জরুরি ফোন আসে। সকাল ৬টা নাগাদ আগুন নিভিয়ে ফেলা হয়। তবে ভবনটিতে তল্লাশি ও উদ্ধার অভিযান আট ঘণ্টা পর শেষ হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

নানজিং শহরের মেয়র চেন ঝিচাং এক সংবাদ সম্মেলনে নিহতদের পরিবারের প্রতি তার সমবেদনা জানান।

তবে আবাসিক ভবনে আগুন লাগার বিষয়টি আরও তদন্ত করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চীনে এরকম প্রাণঘাতী আগুনের ঘটনা প্রায়শই ঘটে থাকে। চলতি বছরের জানুয়ারিতে, সিনইউয়ের কেন্দ্রীয় শহরের একটি দোকানের নীচে আতশবাজির কারণে লাগা আগুনে প্রায় ডজনখানেক মানুষ মারা যায়। এছাড়া গত মাসেই, একটি বোর্ডিং স্কুলে ১৩ জন শিশু তাদের ছাত্রাবাসে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় মারা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত