বগুড়ায় মধু মাসের বার্তা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৯ পিএম

মধু মাস জৈষ্ঠ্য হলেও বসন্তেই বগুড়ায় গাছে গাছে মুকুলের দেখা মিলেছে। মুকুলের মৌ মৌ গন্ধ যেন মধু মাসের বার্তা ছড়িয়ে দিচ্ছে। মুকুলের ভারে নুয়ে পড়ার উপক্রম প্রতিটি আমগাছ। প্রায় শতভাগ গাছেই এসেছে মুকুল। কোনো কোনো গাছে আমের মুকুল থেকে বেরিয়েছে ছোট ছোট গুটি আম।

মধু মাসের স্বাদ নিতে বাকি আর মাত্র কয়েক মাস। তবে আগেভাগেই প্রকৃতিতে সুখের ঘ্রাণ বইতে শুরু করেছে। যদিও বগুড়ায় বাণিজ্যিকভাবে আমের চাষির সংখ্যা নেই বললেই চলে।

বগুড়া জেলায় আমের খোঁজ নিয়ে জানা গেছে, জেলার সদর, শাজাহানপুর, শিবগঞ্জ, কাহালু, দুপচাঁচিয়া, আদমদীঘি, ধুনট, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার ছোট-বড় আমের বাগান রয়েছে। সেই বাগানগুলোতে আমের মুকুল আসতে শুরু করেছে। জেলায় বেশির ভাগ বাগান ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে। বাগানগুলো সখের বলেই জানা গেছে।

এদিকে শহরের উঁচু দালানের ছাদ বাগানে ফজলি, নাগ ফজলি, আম্রপালি, লেংড়া, হাড়ি ভাঙ্গাসহ নানা প্রজাতির আমের গাছে মুকুলের দেখা মিলেছে।

শিবগঞ্জ উপজেলার আমচাষি মকবুল হোসেন, রনি সরকার, নয়ন দাসসহ আরও অনেক জানান, তাদের প্রত্যেকের বাগানে ছোট-বড় বিভিন্ন জাতের ১০০ থেকে ১৫০টি করে আম গাছ আছে। প্রায় সকল গাছেই আম আসতে শুরু করেছে। ভালো ফলন পেলে অবশ্যই তা ভালো মূল্যে বিক্রি করতে পারবেন তারা।

বগুড়া ফল ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক নাহিদ জানান, বগুড়ায় উৎপাদিত আম দিয়ে জেলার চাহিদা মেটানো সম্ভব না। তাই দেশের বিভিন্ন জেলা থেকে আম আসে বগুড়ায়। এর মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও থেকে বেশি আম আসে। সেই আমের মধ্যে দিয়ে জেলার চাহিদা মেটানো হয়।

বগুড়া কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান ফরিদ জানান, এখন অল্প সময়ের মধ্যে মিলছে আমের ফলন। দেশের অর্থনীতিতে আম লাভজনক মৌসুমি ফল ব্যবসা। তাই প্রতিবছরই বাগানের সংখ্যা বাড়ছে। বিশেষ করে নিয়মিত জাত ল্যাংড়া, গোপালভোগ, ক্ষিরসাপাত ও আশ্বিনা জাতের হাইব্রিড গাছই বেশি হচ্ছে।

তিনি আরও জানান, উত্তরাঞ্চলের রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রংপুরে বিশাল আকৃতির বাগান থাকলেও এখন বগুড়া জেলাও আম চাষে পিছিয়ে নেই। জেলার বেশ কয়েকটি উপজেলায় কৃষকরা বাণিজ্যিকভাবে দেশি-বিদেশি জাতের আম বাগান করছেন। তারা নিয়মিত কৃষি অফিসে আসছেন এবং পরামর্শ নিচ্ছেন। বগুড়া কৃষি অফিস থেকে যতদূর সম্ভব তাদের সহযোগিতা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত