আম্বানি পুত্রের বিয়েতে গাইবেন রিয়ানা, নাচবেন শাহরুখ-সালমান!

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২২ পিএম

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছোট ছেলের প্রাক-বিয়ের অনুষ্ঠানের অতিথি তালিকায় রয়েছে চমক। আমন্ত্রিতদের জন্য কী কী আয়োজন রয়েছে সেটা জানলে অনেকেই চমকে উঠবেন। 

বিয়ের অনুষ্ঠানের প্রস্ততি চরমে ‘অ্যান্টিলিয়া’-র অন্দরে। ২০২৩ সালের জানুয়ারিতে বাগদান সেরেছিলেন মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানি এবং ‘অ্যাঙ্কর হেল্‌থকেয়ার’-এর সিইও বিনোদ মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। আগামী জুলাই মাসে সাত পাকে বাঁধা পড়বেন তারা। যদি তাদের প্রাক-বিয়ের অনুষ্ঠান শুরু হচ্ছে মার্চের প্রথমে। 

রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির পরিবারের শিকড় গুজরাটে। মাটির টানকে অগ্রাহ্য করা অসম্ভব। তাই ছোট ছেলে অন্তনের প্রাক-বিয়ের অনুষ্ঠান শুরু হবে আম্বানি পরিবারের জামনগরের বাড়িতেই। ১লা মার্চ থেকে ৩রা মার্চ, তিনদিন যাবত চলবে রাজকীয় উদযাপন। সেই অনুষ্ঠানে শামিল হবেন দেশে-বিদেশের নামী-দামী ব্যক্তিত্বরা। 

বলিউড তারকারা আম্বানি পরিবারের ঘনিষ্ঠ তা কারুর অজানা নয়। আম্বানি পরিবারের যে কোনও উৎসবে তারকার মেলা বসে, এবারও তার ব্যতিক্রম নয়। রাধিকা-অনন্তের নতুন জীবন শুরুর সাক্ষী থাকতে প্রাক-বিয়ের অনুষ্ঠানে পৌঁছাবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, অক্ষয় কুমাররা। দেখা মিলবে রণবীর-দীপিকা, রণবীর-আলিয়া, ভিকি-ক্যাটরিনা, কাজল-অজয়েরও। 

সাইফ আলি খান, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানি (ইশা অম্বানির বেস্ট ফ্রেন্ড), অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, অনন্যা পাণ্ডে, আদিত্য কাপুররাও জামনগরে হাজির হবেন অনন্ত-রাধিকার প্রাক-বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। 

সূত্রের খবর, অনন্ত-রাধিকার প্রাক-বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করবেন আন্তর্জাতিক পপ সেনসেশন রিয়ানা। সঙ্গে থাকছেন অরিজিৎ সিং। গানে গানে আসর জমাবেন দিলজিৎ দোসাঞ্জ। গ্ল্যামার জগতের ব্যক্তিত্বরা ছাড়া ক্রীড়া জগতের তারকারাও আমন্ত্রিত এই বিশেষ দিনে। সচিন টেন্ডুলকার, এম এস ধোনি, রোহিত শর্মা, ইশান কিষাণ, শুভমন গিলরাও পেয়েছেন নিমন্ত্রণ।

অতিথিদের জন্য বিশাল পরিকল্পনা আম্বানিদের। তাদের জামনগরে আনা হবে চার্টার্ড ফ্লাইটে। ১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ১ টার মধ্যে দিল্লি ও মুম্বাই থেকে একাধিক চাটার্ড ফ্লাইট ছাড়া হবে। 

শোনা যাচ্ছে, তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেবেন মাইক্রোসফ্‌ট কর্তা বিল গেটস, মেটা-র সিইও মার্ক জাকারবার্গ, ডিজনির সিইও বব ইগার, অ্যাডোব-এর সিইও শান্তনু নারায়ণ, ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প, ভুটানের রাজা-রানির মতো ব্যক্তিত্বরা। 

প্রাক-বিয়ের নানান অনুষ্ঠানে রয়েছে বিভিন্ন পর্ব। প্রতিটি পর্বের জন্য রয়েছে আলাদা থিম। সবকিছুর প্ল্যানিং শেষ। ছেলের বিয়ের সব আয়োজন খতিয়ে দেখলেন নীতা আম্বানি। অতিথিদের বিশেষ উপহারও দেবে আম্বানি পরিবার। গুজরাটের কচ্ছ ও লালপুরের মহিলাদের বানানো বাঁধনি স্কার্ফ উপহার হিসাবে দেবেন নীতা-মুকেশ। চাটার্ড বিমানে ভেনুতে নিয়ে আসার থাকা, খাওয়ার পাশপাাশি অতিথিদের জন্য কেশসজ্জাশিল্পী, শাড়ি পরানোর শিল্পী এবং লন্ড্রি সার্ভিসের ব্যবস্থাও করেছে আম্বানিরা। 

১২ই জুলাই রাধিকা-অনন্তের বিয়ে। তারপর এই প্রাক-বিয়ের অনুষ্ঠানে নজর গোটা দেশের। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত