পাবনার বেড়ায় আইফোন ছিনতাইয়ের অভিযোগে কথিত সাবেক ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রাকিব ও ছাত্রলীগ কর্মী আকরামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে বেড়া পৌর এলাকার বনগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
রাকিব বেড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের ছেলে ও আকরাম বেড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু সাঈদের ছেলে। রাকিব নিজেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও আকরাম ছাত্রলীগ কর্মী পরিচয় দিতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বেড়া বাজারের ব্যবসায়ী অখিল চন্দ্র হালদারের ছেলে জীবন গত ২৪ ফ্রেব্রুয়ারি বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হলে রাকিব ও আকরাম একটি মোটরসাইকেলে এসে তার পথরোধ করেন। এ সময় তারা ধারালো ছুরি ধরে জীবনের আইফোন ১৪ ছিনিয়ে নেন।
এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি জীবন বাদী হয়ে রাকিব ও আকরামকে আসামি করে মামলা দায়ের করেন। ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ রবিবার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেড়া বাজারের এক ব্যবসায়ী জানান, রাকিবের অত্যাচারে বেড়া বাজারের ব্যবসায়ীরা অতিষ্ট। কথায় কথায় যার তার কাছে চাঁদা দাবি করেন। তার নেতৃত্বে একটি সন্ত্রাসী কিশোর গ্যাং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ব্যবসায়ীরা এসব ঘটনায় তার বাবা পৌর আওয়ামী লীগ সেক্রেটারি নজরুল ইসলামের কাছে অভিযোগ করেও কোনো ব্যবস্থা না নিয়ে ছেলেকে প্রশ্রয় দিয়ে গেছেন। আমরা এই সন্ত্রাসীর শাস্তি চাই।
বেড়া মডেল থানার ওসি রাশিদুল ইসলাম রাকিব ও আকরামকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জীবনের দায়ের করা ছিনতাই মামলায় রাকিব ও আকরামকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাই হওয়া মোবাইল ও ছিনতাইয়ে ব্যবহৃত ছুরি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আওয়ামী লীগকেই চরম খেসারত দিতে হবে: প্রিন্স
এসএসসির হলে নকল সরবরাহের সময় দুই শিক্ষক গ্রেপ্তার