মাথা ও বুকে ছুরিকাঘাতে খুন হলেন শাওন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৮ পিএম

চট্টগ্রাম নগরে শাওন বড়ুয়া (২৫) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় নগরের অনন্যা আবাসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে চান্দগাঁও থানা পুলিশ। কে বা কারা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে জানায় পুলিশ। ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপতালে নেওয়া হয়েছে।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. ছাবেদ আলী জানান, কলেজছাত্র শাওনের মাথা ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে অনন্যা আবাসিক এলাকার একটি সড়কে ফেলে গেছে। নিহত শাওনের গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের শীলঘাটা এলাকায়। কে বা কারা তাকে খুন করেছে তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

ভুক্তভোগীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। তার বাবার নাম টিপু বড়ুয়া। শাওন নগরের ওমরগণি এমইএস কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। পড়ালেখার পাশাপাশি তিনি ফটোগ্রাফি করতেন।

শাওনের মামা তাপস বড়ুয়া বলেন, 'শাওন মূলত ফটোগ্রাফি করত। সোমবার সন্ধ্যায় একটি বিয়েতে যেতে বাসা থেকে বের হয় সে। এসময় তার সাথে ক্যামেরা ট্রাইপডসহ আরও অনেক সরঞ্জাম ছিল। গতকাল রাতে সে আর বাসায় ফেরেনি। মঙ্গলবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত