বৈধ কাগজপত্র ও স্বাস্থ্য কর্মীদের সনদ না থাকায় সাভারের দুই প্রাইভেট হাসপাতাল সিলগালা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. সাইদুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টরসহ আইন-শৃঙ্খলা বানিহীর সদস্যরা।
সিলগালাকৃত হাসপাতাল দুটি হলো- সাভারের ফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত আদনান হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং হেমায়েতপুর এলাকার রহমান স্পেশালাইজড হাসপাতাল। তারা দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ও অনুমোদন ছাড়াই স্বাস্থ্য সেবা প্রদান করে আসছিলো। তাদের ফার্মেসী এবং টেকনিশিয়ানদেরও কোন বৈধ কাগজপত্র ছিলো না।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক মঙ্গলবার দুপুরে আমরা সাভারে তিনটি হাসপাতালে তদন্ত ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছি। এ সময় দুটি প্রতিষ্ঠান তাদের বৈধ কাগজপত্র ও স্বাস্থ্য কর্মীদের সনদ দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের সকল কার্যক্রম বন্ধ করার পাশাপাশি প্রতিষ্ঠান দুটি সিলগালা করে দেয়া হয়েছে। ভবিষ্যতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
তিনি আরও বলেন, সাভারে স্বাস্থ্য সেবায় আমরা জিরো টলারেন্স। নিববন্ধনবিহীন অবৈধ হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার সাভারে থাকবে না। হাসপাতালের পাশাপাশি ফার্মেসী, চিকিৎসক এবং টেকনিশিয়ানদেরও বৈধ কাগজপত্র থাকতে হবে।
