জয়পুরহাট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে মেডিকেল অফিসার ডা. জাকা কাইফ ও তার সহকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও অভিযুক্তরা ওই চিকিৎসকের কক্ষ ভাঙচুর করেছে। এ ঘটনায় জড়িত দু’জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে।
হামলাকারীরা হলেন-জেলার ক্ষেতলাল উপজেলার বানদিঘী গ্রামের জুয়েল আকন্দ (২৪) ও জসিম উদ্দিন আকন্দ (৫০)
জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল বলেন, ঘটনা শোনার সঙ্গেই পুলিশকে খবর দেই। পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত বাবা ও তার ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পেয়েই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে অভিযুক্ত দু’জনকে আটক করে থানায় আনা আছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।