জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একটি ধানক্ষেত থেকে নিখোঁজ এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নশিরপুর (সাদলাপাড়া) এলাকার একটি ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নশিরপুরের হন্তনাবাদ গ্রামের ওই ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত কিশোরের নাম রাব্বি (১৭)। সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে। পরিবারের দাবি, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে সে নিখোঁজ ছিল।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, নশিরপুরের হন্তনাবাদ এলাকার একটি ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব গ্রামে। পরিবারের দাবি, গত বৃহস্পতিবার থেকে সে নিখোঁজ ছিল।
ওসি আরও বলেন, তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।