পেট্রল রপ্তানিতে ৬ মাসের নিষেধাজ্ঞা দিল রাশিয়া

  • ১ মার্চ থেকে অন্যান্য দেশে পেট্রল রপ্তানি নিষেধাজ্ঞায় অনুমোদন দেন রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন
  • অভ্যন্তরীণ বাজারে ঘাটতি এবং দাম বৃদ্ধি এড়াতে এ নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া 
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৮ পিএম

ক্রমবর্ধমান স্থানীয় চাহিদার কারণে আগামী সপ্তাহ থেকে পেট্রোল রপ্তানিতে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। অভ্যন্তরীণ বাজারে ঘাটতি এবং দাম বৃদ্ধি এড়াতে গত বছর একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি।

মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাতে এ খবর জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অন্যান্য দেশগুলোতে পেট্রল রপ্তানিতে নিষেধাজ্ঞায় অনুমোদন দেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। আগামী ১ মার্চ থেকে এটি কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়ান আউটলেট আরবিসি জানিয়েছে যে দেশটির সহকারী প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক গেল ২১ ফেব্রুয়ারি চিঠিতে তেল রপ্তানি সীমাবদ্ধ করার প্রস্তাব দিয়েছিলেন। এতে উল্লেখ করা হয়, হয়েছিল যে, অভ্যন্তরীণ বাজারে শীঘ্রই জ্বালানীর মৌসুমী চাহিদা বৃদ্ধি পাবে।

নোভাক যে সময় জানিয়েছিলেন যে, ‘পেট্রলিয়াম পণ্যের অত্যধিক চাহিদা পূরণের জন্য, অভ্যন্তরীণ বাজারে দাম স্থিতিশীল করার জন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন’।

তবে এই নিষেধাজ্ঞাটি ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন এর সদস্য দেশগুলোর জন্য প্রযোজ্য হবে না বলে জানিয়েছে রাশিয়া। এই ইউনিয়নে রয়েছে- আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান ও কিরঘিস্তান। এ ছাড়া মঙ্গোলিয়া, উজবেকিস্তান ও জর্জিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া আবখাজিয়া ও সাউথ ওসেটিয়ার ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

এর আগে গত বছরের সেপ্টেম্বরেও জ্বালানি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল রাশিয়া। শীতের মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ চাহিদা বেড়ে দাম ও ঘাটতি বেড়ে যাওয়ার কারণে নিষেধাজ্ঞাটি দেওয়া হয়। পরে নভেম্বরের মধ্যে প্রায় সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত