রমজানে কখন হতে পারে লোডশেডিং, জানালেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৭ পিএম

পবিত্র রমজানে তারাবিহ ও সাহরিতে লোডশেডিং হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বিদ্যুৎ সংকট থাকলে বা সাশ্রয়ে দিনে দুই-তিন ঘণ্টা লোডশেডিং করা যেতে পারে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। নাটোর-১ আসনের স্বতন্ত্র এমপি আবুল কালামের প্রশ্নের জবাবে সরকারপ্রধান এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, আসন্ন রমজানে তারাবিহ ও সাহরির সময় লোডশেডিং হবে না। বিদ্যুৎ সাশ্রয়ে প্রয়োজনে দিনের কোনো একসময় যখন চাহিদা কম তখন দু-তিন ঘণ্টা লোডশেডিং করা যেতে পারে। তবে সেটা সহনীয় পর্যায়ে হতে হবে। এভাবে করতে পারলে রমজানে বিদ্যুৎ সংকট হবে না।

তিনি বলেন, আমাদের জ্বালানি তেল ও এলএনজির সংকট আছে, ফলে সময় সময়ে...। তাছাড়া জানেন যে, এগুলো যান্ত্রিক ব্যাপার...। কোনো কোনো সময় বিভিন্ন কারণে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পায় বা ব্যাহতও হয়।

মাঝে মাঝে লোডশেডিং হলে মানুষ অতীত মনে রাখবে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, একসময় দেশে প্রতিদিন ১০/১২ ঘণ্টা লোডশেডিং করা হতো। এখন সেই অবস্থা নেই। আমার মনে হয় মাঝে মাঝে লোডশেডিং করা ভালো। তা না হলে মানুষ অতীত ভুলে যাবে। অন্তত উপলব্ধি করবে কোথায় ছিলাম আর কোথায় আছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত