‘শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গরু পেটানোর মতো পিটিয়েছে’

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪২ পিএম

‘শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে গরু পেটানোর মতো নেতাকর্মীদের পুলিশ পিটিয়েছে’- এমন অভিযোগ করে এ ঘটনায় পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে গণতন্ত্র মঞ্চের নেতারা। একইসঙ্গে এ ঘটনার প্রতিবাদে আগামীকাল শুক্রবার বিকেল চারটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের কর্মসূচি ঘোষনা করেন দলটির নেতারা।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনে তোপখানা রোডে মেহরাব প্লাজায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করে বলেন, ‘গরু পেটানোর মতো নেতাকর্মীদের পুলিশ পিটিয়েছে। কাউকে ছাড় দেয়নি।’

গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা দেশে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যেই পুলিশের ওপর চড়াও হয়েছেন-পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীকে কি একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে? তাকে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানাই আমরা।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। সেখান থেকে মিছিল নিয়ে তারা সচিবালয় অভিমুখে রওয়ানা করলে পুলিশ বাধা দেয়। তখন দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়, একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। মঞ্চের নেতাকর্মীদের দাবি, এতে সংগঠনের অন্তত ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন। রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টের কাছে এ ঘটনা ঘটে।

এর প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এক মাঘে শীত যাবে না। আমরা লাগাতার আন্দোলন করে যাব। যতই মার দেওয়া হোক, আমরা ঘুরে দাঁড়াব। কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে। আমরা এটা বন্ধ করব না।’

তিনি আরও বলেন, ‘পুলিশ বলেছে, এই বিক্ষোভ করার অনুমতি ছিল না। আমি বিক্ষুব্ধ। আমি কথা বলতে চাই-এসবের জন্য অনুমতি লাগবে কেন?’

সংবাদ সম্মেলনে মঞ্চের নেতারা বলেন, ‘গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে প্রকাশ্যে লাঠিপেটা করে যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, সাম্প্রতিক সময়ে দ্বিতীয় এমন কোনো ঘটনা নেই।’

তারা বলেন, ‘বিদ্যুতের দাম বাড়ানো হলে শিল্প, বাণিজ্য, কৃষি, এমনকি পারিবারিক জীবনেও এর প্রভাব পড়বে। এসবের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি করে যেতে হবে, আমাদের লড়াই অব্যাহত থাকবে।’

সংবাদ সম্মেলনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ এই সরকার ব্যাংকলুটের ও বাজার সিন্ডিকেটের পৃষ্ঠপোষক বলে অভিযোগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত