ডোপিং কাণ্ডে সর্বোচ্চ শাস্তি পেলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার পল পগবা। আগামী চার বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছে তাকে।
গত সেপ্টেম্বরের পর থেকে জুভেন্টাসের হয়ে আর মাঠে নামেননি পগবা। ডোপিং সন্দেহে গত আগস্টে প্রথমবার ডোপ পরীক্ষার মুখোমুখি হন পগবা। সেই পরীক্ষার ফলে দেখা যায়, পগবার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিকে চেয়ে অনেক বেশি। এই হরমোনটি ক্রীড়াবিদদের সহনক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।
অ্যান্টি ডোপিং ট্রাইব্যুনাল বলেছে, পগবা ডোপিং সংক্রান্ত বিধি লঙ্ঘন করেছেন। সেপ্টেম্বরে এই পরীক্ষার ফল আসার পরই ধারণা করা হচ্ছিল চার বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন পগবা। ডোপিং কাণ্ডে এটিই কোনো ক্রীড়াবিদের জন্য সর্বোচ্চ শাস্তি। তবে অভিযুক্ত ক্রীড়াবিদ যদি প্রমাণ করতে পারেন যে এ ঘটনা অনিচ্ছাকৃত, তবে কমে আসতে পারে শাস্তির পরিমাণ।
অবশেষে দ্বিতীয়বার একই পরীক্ষা করিয়ে একই ফল আসায় এবার চার বছরের খড়গ নেমে আসতে যাচ্ছে পগবার কপালে। ৩০ বছর বয়সী পল পগবা চার বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার ফুটবলে ফিরতে পারবেন কি! না কি এখানেই শেষ হতে যাচ্ছে এ তারকার ক্যারিয়ার।