কুমিল্লার 'ভিক্টোরি' নাকি বরিশালের 'ফরচুন'

আপডেট : ০১ মার্চ ২০২৪, ১১:১৭ এএম

ফাইনালের আগের দিন সকালে আহসান মঞ্জিলে ট্রফি নিয়ে ফটোশুট। ফরচুন বরিশালের প্রতিনিধি হয়ে আসা মেহেদী হাসান মিরাজ বলছেন, ‘আরে বেডা মোরা নদীর কূলে আছি, লঞ্চের কাছাকাছি। এই হান দিয়া সবাই বরিশাল যায়, কাপটা লইয়া এমন দৌড় দিমু বরিশাল যাইয়া উঠমু’। অন্যদিকে জাকের আলি অনিক শুধু মুচকি হেসে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সির চারটা তারকা দেখিয়ে বলেছেন, ‘ওয়ান, টু, থ্রি, ফোর...জাস্ট রেডি ফর ফাইভ’।

নামের মতোই বিপিএলের ফাইনাল মানেই যেন কুমিল্লার ভিক্টোরি, ৪ বার ফাইনালে খেলে ৪ বার চ্যাম্পিয়ন। অন্যদিকে নামে ফরচুন হলেও বরিশাল দলটা বড্ড আনফরচুনেট। ২০২২ সালের বিপিএলের ফাইনালে কুমিল্লার কাছে মাত্র ১ রানে হেরে গিয়েছিল বরিশাল, পরের বছর সাকিব আল হাসানের নেতৃত্বে প্লে-অফে খেলেও এলিমিনেটর ম্যাচে গোঁজামিলের ব্যাটিং অর্ডারে রান কম করে হেরে বিদায়। এবার ফরচুন সঙ্গ দিচ্ছে বরিশালকে, শেষ দল হিসেবে প্লে-অফে এলেও তারাই উঠে এসেছে ফাইনালে। কুমিল্লার পঞ্চম শিরোপা জয়ের সামনে তামিমের বরিশালই শেষ বাধা।

নিঃসন্দেহে আসরের সেরা দুটো দলেরই দেখা হয়েছে ফাইনালে। শীর্ষ রান সংগ্রাহকের তালিকার প্রথম পাঁচে ১ এবং ৫ কুমিল্লার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম; ২ এবং ৪ যথাক্রমে তাওহীদ হৃদয় ও লিটন দাস। কুমিল্লার সমর্থকদের জন্য সুসংবাদ, অনুশীলনে মাথায় আঘাত পাওয়া মোস্তাফিজুর রহমান সেরে উঠেছেন এবং ফাইনালে খেলবেন। বরিশালের সমর্থকদের জন্য সুসংবাদ, দুই ম্যাচ খেলার জন্য বাংলাদেশে আসা ডেভিড মিলার বরিশালের হয়ে ফাইনালটাও খেলবেন।

এই ট্রফিটির জন্যেই আজ মাঠে নামবেন তামিম-লিটনরা। ছবি: মোশারফ ভুবন

দুই দলেই তারার ছড়াছড়ি। কুমিল্লায় লিটন দাস, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমানদের সঙ্গে উঠতি তারকা জাকের আলি অনিক, তানভীর ইসলামরা আছেন। অভিষেকে আলো ছড়িয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা পেসার রোহনাত দৌলা বর্ষণ। তাদের সঙ্গে আন্দ্রে রাসেল, মঈন আলি, সুনিল নারিন, জনসন চার্লসরা মিলে রীতিমতো দুর্ভেদ্য দুর্গ। গত আসরের ফাইনালে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মুশফিকের ৪৮ বলে ৭৪* রানের ইনিংসটাও ম্লান হয়ে যায় জনসন চার্লসের ৫২ বলে ৭৯* রানের কাছে। তবে এবারে অবশ্য টক্করটা হবে সেয়ানে সেয়ানে। কুমিল্লার রাসেল চার্লসরা বুনো ওল হলে বরিশালের মায়ার্স, মিলাররাও বাঘা তেঁতুল।

তামিম, সৌম্য, মুশফিক, মাহমুদউল্লাহ, সাইফ উদ্দিন, মিরাজ বলতে গেলে বাংলাদেশ জাতীয় দলটাকেই বরিশালের লঞ্চে তুলে ফেলেছেন কর্ণধার মিজানুর রহমান। কুমিল্লার রসমালাই চাখতে সিলেট ছেড়ে ভিক্টোরিয়ানসে যোগ দেওয়া তাওহীদ হৃদয়ের অপেক্ষায় অন্যরকম অভিজ্ঞতা। বরিশালের হয়ে ফাইনালে হার, সিলেটের হয়ে ফাইনালে হারের পর এবার কুমিল্লার হয়ে প্রথম শিরোপা জয় নাকি ফাইনালে হারের হ্যাটট্রিক?

দুই ম্যাচে ৪৫ হাজার ডলার পকেটে পুরে ডেভিড মিলারের অবদান ১৭ এবং ২২ রান। অনুরোধে এবং মোটা অর্থে ফাইনালের জন্য থেকে যাওয়া এই দক্ষিণ আফ্রিকান কি জমিয়ে রেখেছেন সেরাটা? নাকি চাপের মুখে ভেঙে পড়ার প্রোটিয়াদের সেই পুরনো ভূত ভর করবে মিলারের ওপর।

এদিক দিয়ে কুমিল্লা অবশ্য খানিকটা নির্ভার। রাসেল, মইন, নারিনরা প্রায় প্রতি বছরই মৌসুমের শেষ দিকে যোগ দেন ভিক্টোরিয়ানসে। দেশে ফেরেন কুমিল্লাকে শিরোপা জিতিয়ে। বিপিএলের উইকেট, প্রতিপক্ষ সবকিছু নিয়ে তাদের এত স্পষ্ট ধারণা যে মানিয়ে নিতে সময়ই লাগে না!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত