বেইলি রোডে আগুনের রহস্য উদঘাটনে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০১:০০ পিএম

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সেই ভবনটির সামনে উৎসুক জনতার ভিড় কমছে না। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে মানুষ ভবনটির সামনে আসতে থাকেন। কেউ স্বজনদের খোঁজে আবার কেউ এসেছেন দেখতে।

এদিকে, ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা রহস্য আছে কিনা তা উদঘাটন করতে র্যাব—পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। সংস্থাগুলোর ঊধ্র্বতনরা ঘটনাস্থলে পরিদর্শন করছেন।

সরেজমিনে দেখা যায়, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ভবনটি পরিদর্শন করছেন। কি কারণে এবং কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা শনাক্তের চেষ্টা করছেন তারা। এরইমধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, এমনিতে প্রতিদিন বেইলি রোডের এই ভবনটিতে মানুষের আনাগোনা থাকত বেশি। এরমধ্যে চার বছর পর আসা অধিবর্ষের (লিপ ইয়ার) বিশেষ এই রাতে আরও বেশি চাপ ছিল মানুষের। কিন্তু আনন্দের সেই মুহুর্তগুলো সবার জন্য বেদনার হয়ে দাঁড়ায়।

রাজধানীর ব্যস্ততম এলাকার সেই ভবনটির অধিকাংশ ফ্লোরে ছিল খাবারের দোকান। সাততলা ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের খাবারের দোকান ছিল। এছাড়া তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া ওপরের তলাগুলোতেও ছিল খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যার পর থেকে খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় হতো সেখানে। অনেকেই পরিবার নিয়ে সেখানে খেতে যেতেন।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান দেশ রূপান্তরকে বলেন, অগ্নিকান্ডের ঘটনায় অন্য কোনো কারণ আছে কিনা সেই বিষয়েও তদন্ত চলছে। মর্মান্তিক এই ঘটনার কারও কোনো ধরনের অবহেলা থাকার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই কথা বলেছেন র্যাব ও সিআইডির কয়েকজন কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত