নাভালনির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, শেষবারের মতো চুমু খেলেন মা-বাবা

আপডেট : ০১ মার্চ ২০২৪, ১১:২৭ পিএম

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মস্কোয় সম্পন্ন হয়েছে অ্যালেক্সি নাভালনির অন্ত্যেষ্টিক্রিয়া। এ সময় হাজার হাজার রুশ নাগরিক নাভালনির নামে স্লোগান দিয়েছে। একইসঙ্গে তার মৃত্যুর জন্য কর্তৃপক্ষকে ক্ষমা করা হবে না বলে ঘোষণা দিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এদিন নাভালনির মা ও বাবা পুলিশের পাহারায় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন, যা সম্পন্ন হয় দক্ষিণ-পূর্ব মস্কোর চার্চ অব দ্য আইকন অব দ্য মাদার অব গড নামের একটি আকর্ষণীয় সাদা গম্বুজওয়ালা ভবনে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি কফিনের ভেতরে নাভালনির দেহ রাখা। তার ওপরে ফুল দেওয়া। তার মা কালো হেড স্কার্ফ পরে এক হাতে মোমবাতি নিয়ে স্বামীর পাশে বসেছিলেন। এ সময় তারা শেষবারের মতো কফিনে রাখা ছেলেকে চুমু খান।

 গির্জার পাশে হাজার হাজার লোক ভিড় করে

এদিন গির্জার পাশে হাজার হাজার লোক ভিড় করে। তাদের ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। তখন তারা হাততালি দিয়ে ‘নাভালনি! নাভালনি!’ স্লোগান দিয়েছে। অনেককে ‘রাশিয়া মুক্ত হবে’, ‘যুদ্ধ নয়’, ‘পুতিনমুক্ত রাশিয়া’, ‘আমরা ভুলব না’ এবং ‘পুতিন একজন খুনি’ স্লোগান দিতেও শোনা গেছে। অন্ত্যেষ্টিক্রিয়া শেষে নাভালনির মরদেহ মস্কভা নদীর অপর পাড়ে বোরিসোভস্কয় সমাধিতে নেওয়া হয়। 

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত রাশিয়ার বিরোধী নেতা নাভালনি (৪৭) গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিক কারাগারে মারা যান। তার সমর্থকদের অভিযোগ, তাকে খুন করা হয়েছে। তবে তার মৃত্যুতে রাষ্ট্রের জড়িত থাকার কথা অস্বীকার করেছে ক্রেমলিন।

কর্তৃপক্ষ তার আন্দোলনকে চরমপন্থী হিসেবে বেআইনি ঘোষণা করে এবং তার সমর্থকদের মার্কিন মদতে সমস্যা সৃষ্টিকারী হিসেবে আখ্যা দিয়েছে। আর মাত্র দুই সপ্তাহে পরেই অনুষ্ঠিত হবে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। এর মধ্যেই নাভালনির অন্ত্যেষ্টিক্রিয়া হলো। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত