রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে আগুনের ঘটনায় নিহত সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী অথবা বৃষ্টি খাতুনের পরিচয় মিলবে ডিএনএ টেস্টে। এরপর তার লাশ হস্তান্তর করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি ওই অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য।
অগ্নিকাণ্ডে নিহত এক নারী সাংবাদিকের পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় তার লাশ হস্তান্তর করা হয়নি। ওই সাংবাদিককে অভিশ্রুতি শাস্ত্রী নামে চিনতেন সহকর্মীরা। তার ফেসবুক পেজেও এই নাম উল্লেখ আছে। তবে এই নারী সাংবাদিকের মৃত্যুর খবর পেয়ে গতকাল শুক্রবার গ্রামের বাড়ি কুষ্টিয়া থেকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে আসেন সাবরুল আলম সবুজ নামে এক ব্যক্তি। তিনি দাবি করেন, নিহত নারী সাংবাদিক তার মেয়ে এবং নাম অভিশ্রুতি শাস্ত্রী নয়, প্রকৃত নাম বৃষ্টি খাতুন।
পুলিশ জানিয়েছে, আজ শনিবার (২ মার্চ) মরদেহ থেকে এবং সাবরুল আলম সবুজের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। বাবা পরিচয় দেওয়া সবুজের নমুনার সঙ্গে ম্যাচ করলে মরদেহ তার কাছে হস্তান্তর করা হবে।
কর্মস্থলে দেওয়া বায়োডাটা অনুযায়ী তিনি সনাতন ধর্মাবলম্বী। বায়োডাটা অনুযায়ী পিতার নাম অভিরূপ শাস্ত্রী এবং মায়ের নাম লিখেছেন অপর্ণা শাস্ত্রী। তিনি ইডেন মহিলা কলেজে দর্শন বিভাগে অধ্যয়নরত ছিলেন। ২০১৫ সালে এসএসসি ও ২০১৭ সালে এইচএসসি পাস করেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়।
‘অভিশ্রুতির’ বাবা পরিচয় দেওয়া সাবরুল আলম সবুজ এনআইডি দেখিয়ে বলেন, ‘অভিশ্রুতি শাস্ত্রীর’ আসল নাম বৃষ্টি খাতুন। তার মায়ের নাম বিউটি বেগম। আর অভিশ্রুতি ইসলাম ধর্মের অনুসারী। ‘অভিশ্রুতি’ তার মেয়ে। তিন মেয়ের মধ্যে বড় সে।
এদিকে আজ শনিবার সকালে আগুনের ঘটনায় নিহত সহকারী রাজস্ব কর্মকর্তা শাহজালাল উদ্দিন (৩৪), তাঁর স্ত্রী মেহেরুন নিসা জাহান হেলালি (২৪) এবং তাঁদের সাড়ে তিন বছর বয়সী মেয়ে ফাইরুজ কাশেম জামিরার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে ৪৩টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাকি তিনটি মরদেহ ময়নাতদন্তের পর ডিএনএ নমুনা মিলিয়ে দাবিদারের কাছে হস্তান্তর করা হবে।
শনিবার বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধ রোগীদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, এখানে যে ১১ জন ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে ছয়জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের চিকিৎসায় স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনকে প্রধান করে ১৭ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
কাল থেকে ১৬৩ টাকায় সয়াবিন, নির্ধারণ হচ্ছে খেজুরের দাম