১৯৯৮ সাল থেকে ৩২ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করে আসছে ফিফা। ফ্রান্সে অনুষ্ঠিত ওই আসরেই সবশেষ অংশ নেয় স্কটল্যান্ড। ব্রাজিল, নরওয়ে ও মরক্কোর সঙ্গে ‘এ’ গ্রুপে থাকা স্কটিশরা বিদায় নেয় তলানিতে থেকে। এরপর গত ৬ আসরের একটিতেও বাছাই পর্ব পার হতে পারেনি ইউরোপের দলটি। এ প্রসঙ্গ টেনেই মজার ছলে ফিফা সভাপতি বলেছেন, স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দিতেই দলের সংখ্যা বাড়ানো হয়েছে।
ঘটনার সূত্রপাত স্কটল্যান্ডের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার জায়গা করে নেওয়ার পর। ইউরোর মূল পর্বে জায়গা করে নেওয়ার জন্য স্কটল্যান্ডকে সাধুবাদ জানান জিয়ান্নি ইনফান্তিনো। বিবিসি স্কটল্যান্ডকে তিনি বলেন, ‘স্কটল্যান্ডের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করা দারুণ ব্যাপার। গোপন কথা হচ্ছে, আমরা স্কটল্যান্ডকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য টুর্নামেন্ট ৩২ থেকে ৪৮ দলে বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছি।’
রসিকতা করে এ কথা বললেও ইনফান্তিনো মনে করেন পরের বিশ্বকাপে দলটির খেলতে পারার দারুণ সুযোগ রয়েছে স্কটল্যান্ডের সামনে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে ২০২৬ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে ৪৮ দল।
গতবার ইউরোপিয়ান প্লেঅফের সেমি-ফাইনালে ইউক্রেনের বিপক্ষে হেরে ২০২২ কাতার বিশ্বকাপে খেলতে পারেনি স্কটল্যান্ড। আগামী জুনে জার্মানিতে অনুষ্ঠেয় আসরে ‘এ’ গ্রুপে আছে তারা। যেখানে তাদের সঙ্গী স্বাগতিক জার্মানি, হাঙ্গেরি ও সুইজারল্যান্ড।
