শেহবাজের নেতৃত্বে বড় সাফল্য পাবে পাকিস্তান:  শি জিনপিং

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৮:০১ পিএম

দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় পিএমএল-এন সভাপতি শেহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং। রবিবার (৩ মার্চ) এক বিবৃতিতে শেহবাজের ওপর আস্থা প্রকাশ করেন তারা।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বিবৃতিতে প্রেসিডেন্ট শি বলেছেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ ও নতুন সরকারের নেতৃত্বে পাকিস্তান উন্নয়ন ও অগ্রগতিতে বড় সাফল্য পাবে।

তিনি জোর দিয়ে বলেন, চীন ও পাকিস্তানের উচিত তাদের ঐতিহ্যবাহী বন্ধুত্ব অব্যাহত রাখার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা জোরদার করা, যৌথভাবে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের উন্নত সংস্করণ তৈরি করাসহ দুই দেশের জনগণের জন্য আরও কল্যাণমূলক পদক্ষেপ নেওয়া।

রবিবার জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে ও পিটিআই সমর্থিত প্রার্থী ওমর আইয়ুবকে পরাজিত করে ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেহবাজ। অবশ্য পিএমএল-এন ছাড়াও সাতটি দলের সমর্থন পাওয়ায় শেহবাজের জয় প্রত্যাশিত ছিল।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, দেশটির প্রধানমন্ত্রী হতে হলে প্রার্থীকে ৩৩৬ পার্লামেন্ট সদস্যের মধ্যে ১৬৯ জনের ভোট পেতে হয়। এদিন জাতীয় পরিষদের ভোটে শেহবাজ তার প্রতিপক্ষ ওমর আইয়ুবের তুলনায় ১০০ ভোট বেশি পেয়ে এগিয়ে ছিলেন। তিনি মোট ভোট পেয়েছেন ২০১টি এবং ওমর আইয়ুব পান ৯২টি ভোট।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত