জুনের আগে তেল উত্তোলন বাড়াবে না সৌদি ও রাশিয়া

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৬:০৬ পিএম

গত বছরের জুনে নেওয়া তেল উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত চলতি বছরের জুন পর্যন্ত কার্যকর রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব ও রাশিয়া। আন্তর্জাতিক বাজার চাঙা রাখতে গত বছর এ সিদ্ধান্ত নিয়েছিল দেশদুটি।

উভয় দেশের জ্বালানি তেল মন্ত্রণালয় রোববার পৃথক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর নিউইয়র্ক টাইমস।

রোববার রাশিয়ার জ্বালানি তেল মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গত আট মাস আগে জ্বালানি তেলের দৈনিক উত্তোলন ৫ লাখ ব্যারেল (এক ব্যারেল=১৫৯ লিটার) কমানোর যে পদক্ষেপ নিয়েছিল মস্কো, তা আগামী জুন পর্যন্ত কার্যকর থাকবে।

রুশ মন্ত্রণালয়ের বিবৃতির কয়েক ঘণ্টা পর বিবৃতি দেয় সৌদির জ্বালানি তেল বিষয়ক মন্ত্রণালয়। সেখানে বলা হয়, ‘বাজারের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে তেলের দৈনিক উত্তোলন হ্রাসের যে সিদ্ধান্ত নিয়েছিল সৌদি আরব, তা আগামী জুন পর্যন্ত অব্যাহত থাকবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আশা করছি , এই সময়ের মধ্যে জ্বালানি তেলের বাজারে ইতিবাচক পরিবর্তন আসবে। আর যদি ভালো কোনো পরিবর্তন না আসে, তাহলে অবস্থা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।‘

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। ফলে যুদ্ধ শুরুর পর প্রথম কয়েক মাসে বাড়তে থাকে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এছাড়া তখন ডলারের দামও বাড়তে থাকায় বিশ্বের অধিকাংশ দেশ জ্বালানি তেল ক্রয় কমিয়ে দেয়।

ওই পরিস্থিতিতে ২০২৩ সালে তেলের উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত নেয় ওপেক প্লাসের গুরুত্বপূর্ণ সদস্য রাশিয়া ও সৌদি আরব। ওই সিদ্ধান্তের ফলে ধীরে ধীরে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার চাঙা হতে শুরু করে। গত সপ্তাহে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দুই শতাংশেরও বেশি বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত