জাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৯:১৯ পিএম

কেন্দ্রীয় ছাত্রদলের নবঘোষিত কমিটিকে অভিনন্দন জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের করা মিছিলে হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের তিনজন এবং ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন ফটকের কাছাকাছি গেলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বাধা দেন। তখন কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা৷ পরে দু'পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ইট-পাটকেলও ছোড়াছুড়ি হয়। এতে ছাত্রদলের কর্মী নাইমুর হাছান কৌশিক ও মুরাদ হোসেন এবং শফিকুল ইসলাম আহত হন। এ ঘটনায় শাখা ছাত্রলীগের উপ গণবিষয়ক সম্পাদক নাঈম নিশাত এবং ছাত্রলীগ কর্মী আলী আক্কাস আকাশ আহত হয়েছেন। তারা দুজনই সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে শহীদ রফিক-জব্বার হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক বলেন, 'চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করতে ঘোষিত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানাতে আমরা মিছিল বের করি। মিছিলটি মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন গেইটে আসলে ছাত্রলীগের লোকজন আমাদের উপর অর্তকিত হামলা করে। এতে আমাদের কয়েকজন গুরুতর আহত হয়েছে।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, 'বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে বাসে আগুন দিতে আসে ছাত্রদলের নেতাকর্মীরা। তখন ছাত্রলীগের দুজন কর্মী ওই সড়ক দিয়ে যাওয়ার সময় বিষয়টি দেখতে পেয়ে তাদের বাধা দিলে তারা ছাত্রলীগের কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ছাত্রলীগের দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত