ভালোবাসার কথা বলে তরুণীর কাছে সিভি চান পেরুর প্রধানমন্ত্রী!

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১০:৩৭ পিএম

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পদত্যাগ করেছেন পেরুর প্রধানমন্ত্রী আলবার্তো ওটারোলা। তার বিরুদ্ধে এক তরুণীকে লাভজনক সরকারি চুক্তি পাইয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ৫৭ বছর বয়সী ওটারোলা অবশ্য অন্যায় করার কথা অস্বীকার করেছেন। এ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত চলছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে পেরুর এক টিভি চ্যানেল এক তরুণীর সঙ্গে ওটারোলার কথোপকথনের অডিও ক্লিপ প্রচার করে।

বিবিসিতে সম্প্রচারিত প্যানোরামা প্রোগ্রাম বলেছে, ওটারোলা যে তরুণীর সঙ্গে কথা বলছেন তার বয়স ২৫ বছর। ২০২৩ সালে ওই তরুণীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করার জন্য দুটি চুক্তি দেওয়া হয়। এ চুক্তি থেকে তিনি মোট ১৪ হাজার ডলার উপার্জন করেন। 

ওটারোলা ২০২২ সালের শেষ পর্যন্ত পেরুর প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে দায়িত্ব গ্রহণ করার পর তাকে পদোন্নতি দেওয়া হয়। যদিও ফাঁস হওয়া অডিও ক্লিপে ওটারোলাকে ওই তরুণীর প্রতি তার ভালোবাসার কথা বলতে শোনা যায়। তিনি ওই তরুণীকে সিভি পাঠাতে বলেন।

অপরদিকে অডিও ক্লিপ ফাঁস হওয়ার আগে ওটারোলা সম্পূর্ণ বিপরীত একটি বিবৃতি দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, ওই তরুণীর সঙ্গে কেবল একবার দেখা হয়েছিল তার। যদিও পেরুর সম্প্রচারমাধ্যম ক্যানাল এনকে ওই তরুণী বলেন, এর আগে কিছুদিন তার সঙ্গে ওটারোলার সম্পর্ক ছিল। তারা দুজনই বলছেন, ফাঁস হওয়া অডিও ক্লিপ ২০২১ সালের। অর্থাৎ ওটারোলা তখনও মন্ত্রী হননি।

পদত্যাগের ভাষণে ওটারোলা বলেন, যারা সব সময় আমাকে সরকার থেকে সরাতে চেয়েছেন তারা আমার ভাবমূর্তি নষ্ট করার হীন উদ্দেশ্য নিয়ে একটি অডিও সম্পাদনা করতেও দ্বিধা করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত