বেপরোয়া গাড়ি চালিয়ে যাত্রী হত্যা, যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি গ্রেপ্তার

  • মিশিগানের ওয়ারেন পুলিশ জানিয়েছেন, দুই বাংলাদেশি তরুণ রাস্তায় ড্রাইভিং প্রতিযোগিতা করছিলেন 
  • দুর্ঘটনায় মৃত্যুর জন্য তাদের ১৫ বছরের শাস্তিযোগ্য অপরাধ এবং আহতের জন্য ৫ বছরের শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ গঠন করা হয়েছে
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৯:২৫ এএম

যুক্তরাষ্ট্রে বেপরোয়া গাড়ি চালিয়ে যাত্রী হত্যার অভিযোগে মিশিগানে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বেপরোয়া গাড়ি চালিয়ে দুই চালকের প্রতিযোগিতা কারণে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি জাহাঙ্গীর আলী সাজুর (২৫) মৃত্যু ঘটেছে সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়। এ দুর্ঘটনায় নিহত সাজুর মেয়ে মোমো গুরুতর আহতাবস্থায় বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

গত ২৫ ফেব্রুয়ারি মিশিগানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি জাহাঙ্গীর আলী সাজু (২৫) মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় আহত সাজুর ছেলে তামিম প্রাথমিক চিকিৎসা শেষে বাইরে রয়েছেন।

মিশিগানের ওয়ারেন পুলিশ জানিয়েছেন, দুই বাংলাদেশি তরুণ রাস্তায় ড্রাইভিং প্রতিযোগিতা করছিলেন। সে সময় দুর্ঘটনা হলে সাজুর মর্মান্তিক মৃত্যু হয়। রাস্তায় ড্রাইভিং প্রতিযোগিতার অভিযোগ এনে ওয়ারেন পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-তায়াসুকা আমান (২০) এবং গোলাম রহমান (২২)। তাদের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ তোলা হয়েছে। সেই সাথে দুর্ঘটনায় মৃত্যুর জন্য তাদের ১৫ বছরের শাস্তিযোগ্য অপরাধ এবং আহতের ঘটনার জন্য ৫ বছরের শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ গঠন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অতীতে তাদের বিরুদ্ধে নানা অপরাধের রেকর্ড রয়েছে। বিজ্ঞ আদালত তাদেরকে ৫০ হাজার ডলারে জামিন মঞ্জুর করেন এবং তাদের পাসপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের কোন আইনজীবী কোর্টে আসেননি।

আগামী ১৪ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত