ইসরায়েলের হামলায় পুড়েছে ৬০ হাজারের বেশি জলপাই গাছ

  • ২ বর্গ কিলোমিটার জায়গাজুড়ে ৬০ হাজারেরও বেশি পরিপক্ক জলপাই গাছ সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানান লেবাননের কৃষিমন্ত্রী
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১২:৫৪ পিএম

গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও হামাস যুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পরে লেবাননও। যার ফলে গত অক্টোবর থেকেই দক্ষিণ লেবাননে বিমান হামলায় ৬০ হাজারেরও বেশি জলপাই গাছ পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

গতকাল বুধবার ইসরায়েলের প্রতি এমন অভিযোগ তুলেছে লেবানন। খবর আনাদোলু এজেন্সি।

রাজধানী বৈরুতে জাতিসংঘের সদর দপ্তরে এক বৈঠকে লেবাননের কৃষিমন্ত্রী আব্বাস হাজ হাসান বলেন, "দক্ষিণ লেবাননে ইসরায়েল প্রতিদিন আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সাদা ফসফরাস বোমা দিয়ে বোমাবর্ষণ করছে।"

তিনি বলেন, ‘ইসরায়েলি বিমান হামলায় গত অক্টোবর থেকে ৬৫৭টিরও বেশি আগুন লেগেছে এবং ৬ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বন ও কৃষি জমির ক্ষতি হয়েছে’।

এছাড়া ২ বর্গ কিলোমিটার জায়গাজুড়ে ৬০ হাজারেরও বেশি পরিপক্ক জলপাই গাছ সম্পূর্ণভাবে পুড়ে গেছে বলে জানান লেবাননের কৃষিমন্ত্রী।

২০০৬ সালে লেবানন ও ইসরায়েলের মধ্যে সংঘটিত যুদ্ধের পর থেকে গত বছর শুরু হওয়া সংঘাত ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে সবচেয়ে মারাত্মক সংঘর্ষ বলা হচ্ছে। যার ফলে দুই দেশের সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

গত বছরের অক্টোবরে লেবানন ও ইসরায়েলের সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে লেবাননে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩০০ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলি পরিসংখ্যান অনুসারে লেবানন থেকে হামলায় প্রায় ২০ ইসরায়েলিও নিহত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত